সংবাদদাতা, বালুরঘাট: কুমারগঞ্জের সাফানগরে আত্রেয়ী নদী থেকে বালি তোলাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে মাফিয়াদের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্রের খবর, এক গোষ্ঠী বালি তুলতে গেলে আরেক গোষ্ঠী বাধা দেয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই। একটি বালিবোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখায় আরেক গোষ্ঠী। খবর পেয়ে মধ্যরাতেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক ইজাম আহমেদ। ব্লক ভূমিদপ্তর রাতেই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক্টর আটক করে। এই সংঘর্ষে শাসকদল তৃণমূল কংগ্রেসের অনেক নেতার নাম উঠে এসেছে। এনিয়ে গেরুয়া শিবির সরব হয়েছে। বিজেপির অভিযোগ, কুমারগঞ্জে বালি পাচারের সঙ্গে শাসকদলের অনেকেই যুক্ত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সূত্রের খবর, অবৈধভাবে বালি তোলা নিয়ে বুধবার রাতে সাফানগরে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। মধ্যরাতে একাধিক ডাম্পার ও ট্রাক্টর নদীতে নেমে বালি পাচার করছিল। সেসময় মাফিয়াদের একটি গোষ্ঠী ধাওয়া করে একটি ট্রাক্টর ধরে ফেলে। এরপরই শুরু হয় বচসা। আরেক গোষ্ঠী ঘটনাস্থলে পৌঁছয়। দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মারধরও হয়। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।
ভিডিওতে এক গোষ্ঠী বালি পাচার বন্ধ রেখেছে বলে দাবি করে। অন্য গোষ্ঠী কেন বালি পাচার করবে, তা নিয়ে প্রশ্ন তুলে গাড়ি আটক করে বিক্ষোভ দেখায়। একপক্ষ পাল্টা হুমকি দেয়, গাড়ি আটকানোর ফল ভুগতে হবে। সংঘর্ষে শাসকদলের একাধিক নেতাকে দেখা গিয়েছে বলে অভিযোগ। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর কথায়, বালি পাচারের সঙ্গে তৃণমূলের নেতারা সরাসরি যুক্ত। আমরা একটি ভিডিও পেয়েছি, যেখানে তৃণমূলের বেশ কিছু নেতাকে দেখা গিয়েছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করব। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, দলীয় নেতৃত্বের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি, আদতে ঘটনাটি কী ঘটেছিল। বালি পাচার হলে প্রশাসনকে পদক্ষেপ করতে বলব।
এডিএম বলেন, বুধবার রাতের ঘটনায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে। এর সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আত্রেয়ী থেকে অবৈধভাবে বালি তোলায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কয়েকদিন ধরে দিনে ভূমিদপ্তরের অভিযান চললেও রাতে দেদারে বালি পাচার চলছে। যদিও এডিএমের সাফাই, জেলাজুড়ে বালি চুরি রুখতে অভিযান চলছে। কুমারগঞ্জের বিএলআরও হিমাদ্রি শেখর মণ্ডল বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বহু ট্রাক্টর আটক করা হয়েছে।