নয়াদিল্লি: লালকেল্লা নাশকতার তদন্তে উঠে এসেছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সন্দেহভাজন প্রায় সমস্ত জঙ্গি এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত। হোয়াইট কলার বা মেডিকেল মডিউলের অন্যতম ঘাঁটি হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই তাদের অনুমোদন বাতিল করে দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি (এআইইউ)। এবার আল ফালাহর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করল দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। প্রশাসন সূত্রে খবর, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিল। তারপরই প্রতারণা ও জালিয়াতির ধারায় পৃথক মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, হোয়াইট কলার জঙ্গি মডিউলের তদন্তে নেমে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের থেকে একাধিক নথিও চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।



