Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুরে তৃণমূলের বিবাদমান দুই গোষ্ঠীকে কলকাতায় তলব

জঙ্গিপুরে শাসকদলের বিবদমান দুই গোষ্ঠীকে আগামী মঙ্গলবার কলকাতায় তলব করল দলের শীর্ষ নেতৃত্ব। এই খবরে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক-দুই পক্ষের সমর্থকরাই উৎফুল্ল।

জঙ্গিপুরে তৃণমূলের বিবাদমান দুই গোষ্ঠীকে কলকাতায় তলব
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুরে শাসকদলের বিবদমান দুই গোষ্ঠীকে আগামী মঙ্গলবার কলকাতায় তলব করল দলের শীর্ষ নেতৃত্ব। এই খবরে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক-দুই পক্ষের সমর্থকরাই উৎফুল্ল। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে দুই গোষ্ঠীর লোকজনই উৎসাহসূচক পোস্ট দিচ্ছে। যদিও উভয়পক্ষের কাউন্সিলাররা এখন অন্তরালে রয়েছেন। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের সমর্থন পেতে দুই গোষ্ঠীই মরিয়া চেষ্টা চালাচ্ছে। পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব এবার কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement

শাসকদলের সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বলেন, বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম। আগামী মঙ্গলবার শীর্ষ নেতৃত্ব সবাইকে বৈঠকে হাজির থাকার জন্য ডেকেছে। সবাইকে নিয়ে সরাসরি কথা হবে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ আমরা মেনে চলব।
কলকাতায় ওইদিনের সভায় জেলা সভাপতি খলিলুর রহমান, জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ তৃণমূলের নির্বাচিত ১৫জন কাউন্সিলারের উপস্থিত থাকার কথা। দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের সবাইকে নিয়ে আলোচনায় বসবে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সেখানেই আলোচনা হবে। উভয়পক্ষই সেই বৈঠকের অপেক্ষা করছে। যদিও বিধায়ক ও চেয়ারম্যানের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় নিজ নিজ পক্ষের পাল্লা ভারী বলে দাবি করছে।
বিধায়কপন্থী এক কাউন্সিলার বলেন, বর্তমান চেয়ারম্যানকে কেউ চায় না। শীর্ষ নেতৃত্ব চাইলেও নৈতিকতার খাতিরে তাঁর পদ থেকে সরে যাওয়া উচিত। মঙ্গলবার কলকাতায় মিটিংয়ের বিষয়ে আমারে এখনও কিছু জানানো হয়নি। জেলা সভাপতির সহকারী মারফত হোয়াটসঅ্যাপে একটি চিঠি পেয়েছি। যদিও তাতে কোন সিল বা স্বাক্ষর নেই। ডাকলে মিটিংয়ে গিয়ে শীর্ষ নেতৃত্বকে যা বলার বলব।
চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, তৃণমূল দলটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। কেউ কাউকে জোর করে পদ থেকে সরিয়ে দিতে পারে না। দল যেটা চাইবে, সেটাই হবে। আমি দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির উপর ভরসা রাখি।

সম্পর্কিত সংবাদ