Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরিতে জোড়া মৃত্যু: ১৭ জনের কল রেকর্ড দেখতে চাইল হাইকোর্ট

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুর   ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

খেজুরিতে জোড়া মৃত্যু: ১৭ জনের  কল রেকর্ড দেখতে চাইল হাইকোর্ট
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুর   ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সেই মামলায় বুধবার ১৭ জনের কল রেকর্ড দেখতে চাইল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এছাড়াও এদিন মামলায় প্রশ্নের মুখে পড়েছে পুলিস। 

Advertisement

গত ১২ জুলাই জলসা দেখতে গিয়ে সুজিত দাস ও সুজিত পাইক নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় পুলিস দাবি করেছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে মৃতদের পরিবারের দাবি ছিল, খুন করা হয়েছে। পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে দেহে আঘাতের চিহ্ন মেলে। এদিন বিচারপতি বসাক প্রশ্ন তোলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্তে কীভাবে আঘাতের দাগ এল? একটা মেলায় এত বড় ঘটনা ঘটল অথচ কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান নেই? নিশ্চিত সাক্ষীরা ভয় পাচ্ছেন। তাঁদের ভয় দূর করুন। কেস ডায়েরি খুব গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে বিচারপতি মন্তব্য করেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মৃত্যু নাও হতে পারে। কারণ দেহে আরও আঘাত ছিল, যেটা দ্বিতীয় ময়নাতদন্তে উঠে এসেছে।
বিচারপতি বসাক আরও বলেন, ‘দুই ময়নাতদন্তের রিপোর্ট আলাদা, এমন হলে সিস্টেমের উপর মানুষের বিশ্বাস চলে যাবে।’ এরপরই বেঞ্চের নির্দেশ, কল রেকর্ডিং সহ মোবাইল ফোন পরীক্ষা করতে হবে। চিকিৎসক, আইও  এবং ওসি সহ বাকি ১৭ জনের ফোন রেকর্ডিং খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে তাঁর নির্দেশ, ১৭ জনের নামে অভিযোগ এসেছে। অন্তত তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ