নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে মামলা করলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা করে দ্রুত শুনানির আরজিও জানিয়েছিলেন টুলু। কিন্তু বিচারপতি চন্দ সেই মামলা ছেড়ে দেন। শুক্রবার একই আবেদন নিয়ে টুলু গেলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।
বীরভূমের মহম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর থেকে বেপাত্তা টুলু। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি চন্দের এজলাসে গিয়েছিলেন। টুলুর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং মুকুল রোহতগী। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির সম্ভাবনা অবশ্য নেই। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।



