সানরাইজ স্পাইসেস-এর হাতপাখা শিল্পকে উদ্যাপন
• দুর্গাপুজোর আমেজকে আরও অভিনব করে তুলতে উদ্যোগী হল সানরাইজ স্পাইসেস। ক্রাফটস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় বাংলার নস্টালজিয়ার অন্যতম প্রতীক হাতপাখাকে বেছে নেওয়া হয় এবছর। হাতপাখা তৈরির কারিগরদের উন্নয়ন ও এই কারুশিল্পকে বাঁচিয়ে রাখাও এই উদ্যোগের একটি লক্ষ্য। একসময় বাঙালি পরিবারে হাতপাখা ছিল এক পরিচিত অনুষঙ্গ। উষ্ণতা, আতিথেয়তা ও পুজোরও অঙ্গ হিসেবেই পরিচিত ছিল। সময়ের সঙ্গে দৈনন্দিন জীবনে এর ব্যবহার বদলালেও, এখনও এটা নস্টালজিয়া বহন করে। হাতপাখার ছড়িয়ে পড়া নকশা সানরাইজের পরিচিত লোগোর মোটিফের সঙ্গে একটি সাযুজ্যও তৈরি করে। তাই ব্র্যান্ড ও এই ঐতিহ্যবাহী উপকরণের মধ্যে এক সম্পর্কও গড়ে উঠেছে বলে দাবি উদ্যোক্তাদের। নিউ টাউনের এক অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায় সহ অনেকেই। এই প্রসঙ্গে সানরাইজ স্পাইসেস, আইটিসি লিমিটেড-এর বিজনেস হেড সুরেশ চাঁদ বলেন, ‘দৈনন্দিন জীবনের কিছু জিনিস বাঙালির সাধারণ অনুষঙ্গ ও আচারেও থাকে। ক্রাফটস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় সানরাইজ এমনই এক কারুশিল্পকে উদ্যাপন করছে।’ উপস্থিত সেলিব্রিটিরাও হাতপাখা নিয়ে নিজেদের স্মৃতি থেকে নানা গল্প শেয়ার করেন।
সাহসিকতার স্বীকৃতি ‘নাইটস ইন খাকি’
• নারী পুলিশকর্মীদের সাহস, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতাকে সম্মান জানাতে অষ্টমবার আয়োজিত হল ‘নাইটস ইন খাকি’। সল্টলেকের দ্য স্ট্যাডেলের কলোসিয়াম ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠানটির আয়োজন করে দ্য স্ট্যাডেল, ক্যালকাটা পার্ক স্ট্রিট লেডিজ সার্কল ৪৬ এবং ক্যালকাটা পার্ক স্ট্রিট রাউন্ড টেবিল ৩৪। বারাসত পুলিশ কমিশনারেটের ১৫ জন বিশিষ্ট মহিলা পুলিশ আধিকারিককে তাঁদের অসামান্য অবদানের জন্য সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসতের পুলিশ সুপার আইপিএস জে মার্সি। সাহস ও মানবিকতার উদ্যাপনের পাশাপাশি অনুষ্ঠানে তুলে ধরা হয় আয়োজক সংগঠনগুলির সমাজসেবামূলক উদ্যোগও। এর মধ্যে ছিল সল্টলেকের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি বিদ্যালয়ে রেশন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদানের উদ্যোগ। মহিলাদের দেশাত্মবোধক নৃত্য পরিবেশনও ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ।



