নিজস্ব প্রতিনিধি, বরানগর: চিঠি নেওয়ার জন্য অন্যান্য দিনের মতোই পোস্টবক্স খুলেছিলেন পিয়ন। সেখান থেকে রেরিয়ে এল খোলা খামে রাখা একগুচ্ছ পাসপোর্ট! এই ঘটনায় স্বভাবতই চমকে ওঠেন তিনি। জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এই আবহে টিটাগড়ের এই ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। ইতিমধ্যে ডাক বিভাগের তরফে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া প্রায় ৫৫টি পাসপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট যাঁদের নামে রয়েছে, তাদের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাতেই রহস্যের জট খুলবে বলে মনে করছে পুলিস।
Advertisement
টিটাগড় পুরসভার ঠিক উল্টোদিকেই রয়েছে পোস্ট অফিসটি। অফিসের বাইরে রয়েছে একটি লেটার বক্স। দিন দু’য়েক আগে টিটাগড় পোস্ট অফিসের পিয়ন বক্স খুলে চিঠিপত্র সংগ্রহ করছিলেন। হঠাৎ তিনি দেখেন একটি ছেঁড়া এবং বেশ মোটা খাম দেখেন। তার ভিতর থেকে ৫৫টি পাসপোর্ট উদ্ধার হয়। এত পাসপোর্ট দেখে তিনি হতবাক হয়ে পোস্টমাস্টারকে জানান। ডাক বিভাগের তরফে বৃহস্পতিবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিস ওই এলাকার গত কয়েকদিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে জানা চেষ্টা করছে, কে ওই খাম ফেলতে এসেছিল। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, বিদেশে কাজের জন্য লোক পাঠানোর এজেন্টরা অনেক সময় শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে রাখেন। পরে পোস্ট অফিসের মাধ্যমে শ্রমিকদের বাড়িতে পাঠান। এটি সেই ধরনের ঘটনা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, ‘পাসপোর্টের খাম খোলা ছিল বলেই জেনেছি। পুলিস তদন্ত করলে বোঝা যাবে, সেগুলো আসল নাকি জাল। তবে বিষয়টি যে উদ্বেগের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’ পুলিস কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝা বলেন, ‘প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি জাল বলে মনে হচ্ছে না। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এগুলি কীভাবে এখানে এল, কে বা কারা কী উদ্দেশ্যে ডাকবাক্সে রেখে গিয়েছে, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’



