তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়িতে তৈরি হচ্ছে মহাকাল মন্দির। আর এই মন্দিরের জন্য ট্রাস্ট গঠনের কাজ সম্পন্ন হয়েছে। ট্রাস্টের মাথায় থাকছেন মুখ্যসচিব। গঠিত এই ট্রাস্টে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক, এসজেডিএ’র চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান, দার্জিলিং মহাকাল মন্দিরের সদস্য, কোচবিহারের শিবযজ্ঞ মন্দির কর্তৃপক্ষ, শিল্পপতি সহ একাধিক ব্যক্তি থাকবেন। এমনকী সাংবাদিকদেরও প্রতিনিধি থাকছেন এই ট্রাস্টে। সকলকে একসঙ্গে এই কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মন্দিরের জন্য ১৭.৪ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেই জায়গাতেই এই মন্দির নির্মাণ করা হবে। সোমবার মিনি সচিবালায় উত্তরকন্যায় আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন জেলাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকেই এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, এই ধরনের মন্দির করতে গেলে একটি ট্রাস্টের প্রয়োজন হয়। যা আমরা গঠন করে দিয়েছি। খুব দ্রুত ওই ট্রাস্ট নিজেদের কাজ শুরু করবে। ইতিমধ্যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এর আগে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে উত্তরবঙ্গ সফরে এসে দার্জিলিং গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ম্যালের উপরে থাকা মহাকাল মন্দির দর্শনে যান। এরপরই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতে একটি মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক দার্জিলিংয়ের জেলাশাসককে সমতলে জমি চিহ্নিত করার কাজ দেওয়া হয়েছিল। সেই জমি চিহ্নিত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার সিটি সেন্টারের উল্টো দিকের রাস্তায় একটি খালি জমি রয়েছে। সেই জমিতেই মন্দির তৈরি করা হবে। জমি চিহ্নিত করলেই হবে না, বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে ট্রাস্ট গঠন করা প্রয়োজন হয়। সেই ট্রাস্টই গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রাস্টের সদস্যদের নাম এদিন তিনি ঘোষণা করেন।