Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেন যুদ্ধ থামাতে আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন বৈঠক

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। শুক্রবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। তার আগে বৃহস্পতিবার মস্কো জানিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ থামাতে আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন বৈঠক
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। শুক্রবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। তার আগে বৃহস্পতিবার মস্কো জানিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই দুই রাষ্ট্রনেতার বৈঠক হওয়ার কথা। এদিন পুতিনের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আগামী সপ্তাহে এই বৈঠক হবে। তবে সেখানে সেই বৈঠকে কোনওভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি যে উপস্থিত থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন উশাকভ। তিনি বলেন, ‘আমরা ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উপর জোর দিচ্ছি। আশা করছি এই বৈঠক সফল হবে।’ পুতিনও জানিয়েছেন, আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে বলে তিনি আশা করছেন। আর দুই নেতা মুখেোমুখি হবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। 

Advertisement

তিন বছর ধরে রুশ-ইউক্রেন যুদ্ধ চলছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই এই যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী হন ট্রাম্প। ৮ আগস্টের মধ্যে তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তা  না মানলে মস্কোকে কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে তিনি হুমকি দিয়েছেন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক দৌত‌্য চালিয়ে গিয়েছে আমেরিকা। এখন রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এর আগেও চারবার তিনি মস্কো সফর করেছেন। তবে শান্তি প্রস্তাব নিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি। এবার উইটকফের সঙ্গে বৈঠক করেছেন পুতিন স্বয়ং। মস্কোর থেকে সবুজ সঙ্কেত পেয়েই বুধবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা ঘোষণা করে দেন ট্রাম্প। আর বৃহস্পতিবার মস্কোও সম্ভাব্য বৈঠকের কথা স্বীকার করে নিল। ট্রাম্পের চলতি শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক হলে, তা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ