Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মোদির সঙ্গে ফোনালাপ ও মুনিরের সঙ্গে বৈঠকের পর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে নতুন বক্তব্য ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি, প্রায় নিয়মিত এই কথাই বলতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোদির সঙ্গে ফোনালাপ ও মুনিরের সঙ্গে বৈঠকের পর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে নতুন বক্তব্য ট্রাম্পের
  • ১৯ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ জুন: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি, প্রায় নিয়মিত এই কথাই বলতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন সিন্দুরে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে যোগ্য জবাব দেয় ভারত। যার ফলে ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সেই হামলা রুখে প্রত্যাঘাত করে নয়াদিল্লিও। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। যদিও নয়াদিল্লি ও ইসলামাবাদের আগেই সেই যুদ্ধবিরতির কথা আগাম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ট্রাম্প। যাকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়।

Advertisement

তারপর থেকেই প্রায় রোজই একই কথা বলতেন মার্কিন প্রেসিডেন্ট। যে তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। যদিও আজ, বৃহস্পতিবার পাল্টি খেয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘ওরা দুই দেশই পরমাণু শক্তিধর। যুদ্ধবিরতি নিয়ে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের নেতারা খুবই বিচক্ষণ। যুদ্ধ থামিয়েছে সময়ে। নইলে সেটা পরমাণু যুদ্ধে যেতে পারত।’ কিন্তু আচমকাই ট্রাম্পের এই মতবদল? বিশেষজ্ঞদের মতে গতকাল, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা ও পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পরই নিজের মত বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল, বুধবার আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘যে কারণে আজ আমি এখানে, সেটা হল আমি মুনিরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন। দু’জন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না-এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন। নইলে বিষয়টি পরমাণু যুদ্ধের দিকে যেতে পারত। দু’টি দেশই পরমাণু শক্তিধর। আমি প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানিয়েছি। আমরা বাণিজ্য বিষয়ক একটি চুক্তি নিয়ে আলোচনা করছি। একইভাবে পাকিস্তানের সঙ্গেও আমরা বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি করব।’ এই প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নিজের কৃতিত্ব নেননি ট্রাম্প। তবে কী মুনির ও মোদির সঙ্গে কথা বলার পরই নিজের দাবি থেকে অবশেষে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

অপরদিকে ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে পাক সেনা প্রধানের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করতেই ট্রাম্প বলেন, ‘পাকিস্তান ইরানকে ভালোভাবেই চেনে, বোঝে। আমার থেকেও বেশি জানে ওরা। কিন্তু এখন যা চলছে সেটা নিয়ে মোটেই খুশি নন। এমন নয় যে ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ। দুটি দেশকেই ভালোভাবে চেনে ওরা। কিন্তু যা চলছে সেটা নিয়ে মোটেই সন্তুষ্ট নয়, এই বিষয়ে পাকিস্তান আমার সঙ্গে সহমত পোষণ করেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ