ঢাকা, ২৮মে: আজ, বৃহস্পতিবার ইদের দিনেই বাংলাদেশে কাটার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু শেষমেশ ভেস্তে গেল সেই সিদ্ধান্ত। জবাইয়ে বদলে তার ঠাঁই হতে চলেছে বাংলাদেশের চিড়িয়াখানায়। কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট? না না, বিষয়টা একেবারেই সেইরকম নয়। জানা গিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প নামের একটি অ্যালবিনো মোষকে কাটা হবে ইদের দিনে। তারপর থেকেই রীতিমতো সেলিব্রিটি হয়ে ওঠে সেটি। ফ্যাকাসে রংয়ের এই মোষটিকে দেখতে দূরদূরান্ত থেকে আসতে থাকেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৭০০ কেজির এই মোষটি কিন্তু মোটেই বদমেজাজি নয়। বরং অনেকটাই শান্ত স্বভাবের। ফলে অনেকেই তার গায়ে, মাথায় হাত বুলিয়ে দেন। তোলেন ছবিও।
কিন্তু ইদের একদিন আগে জানা যায়, মোষটিকে জবাই না করে সংরক্ষণ করা হবে। আর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ডোনাল্ড ট্রাম্প নামের এই মোষটি আদতে বিরল প্রজাতির। ইদে তাকে কোরবানি করা হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে গোলমাল এড়াতে এই মোষটিকে আমি নিজেই কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ট্রাম্প একটি খামারে রয়েছে। পরবর্তীকালে সেটিকে চিড়িয়াখানায় রাখা হবে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প নামের ওই মোষটির বিক্রেতা জিয়াউদ্দিন জানান, সে বরাবরই খুব ঠাণ্ডা প্রকৃতির। অন্যদিকে, তার কাছে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু নামের অন্য একটি মোষ খুবই বদমেজাজি। সেটিকে বিক্রি করা হয়েছে ঢাকার এক ব্যবসায়ীর কাছে।