


ওয়াশিংটন, ৮ মার্চ: অবশেষে সাময়িক স্বস্তি বিশ্বজুড়ে। আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইরান। আগেই আমেরিকা ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব আদৌ ইরান মানে কিনা তা নিয়ে দ্বন্দ্বে ছিল গোটা বিশ্ব। আজ ভোর বেলা ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে জানান, দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। তবে তেহরানের তরফে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি সাময়িক। তারা দশ দফা শর্ত দিয়েছে আমেরিকাকে। সেই শর্ত মানা না হলে এখনই যুদ্ধ বন্ধ হবে না। তবে যুদ্ধ বিরতির দু সপ্তাহ সব দেশের জন্যই খুলে দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং আসিম মুনিরের কথা নিজের পোস্টে বলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার ইসলামাবাদে ইরানের দেওয়া দশ দফা শর্ত নিয়ে আলোচনায় বসবে আমেরিকা ও ইরানের শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই মার্কিন সেনাকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইজরায়েলও কোন হামলা চালাবে না বলে জানিয়েছে আমেরিকা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রী বলেন তাদের উপর হামলা না চালালে তারাও আক্রমণ বন্ধ রাখবেন, পাশাপাশি তার দাবি ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দু’সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা রাখা হবে। ফলে এই প্রণালীতে আটকে থাকা বহু দেশের জ্বালানি জাহাজের নিজ গন্তব্যে পৌঁছতে আর কোন সমস্যা থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।