Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটানের ট্রাক আটকে বিক্ষোভে শামিল ট্রাকচালকদের সন্তানরাও

সোমবার সকালে ফের ভুটানের ট্রাক আটকে বিক্ষোভ দেখালেন ভারতীয় ট্রাকচালক ও মালিকরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে।

ভুটানের ট্রাক আটকে বিক্ষোভে শামিল ট্রাকচালকদের সন্তানরাও
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার সকালে ফের ভুটানের ট্রাক আটকে বিক্ষোভ দেখালেন ভারতীয় ট্রাকচালক ও মালিকরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে। বিক্ষোভ ওঠাতে শেষপর্যন্ত ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যেতে বাধ্য হয় এনজেপি থানার পুলিস। 

Advertisement

সম্প্রতি, ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের ট্রাক, এমন দাবিতে সরব হয়েছিলেন ভারতীয় ট্রাক মালিকরা। সুবিধা পোর্টালের অন্তর্ভুক্ত করে ৫০টি ট্রাক চলতে দেওয়া যেতে পারে, তবে তার বেশি নয়। 
এমনই দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকার ভারতীয় ট্রাকচালক, মালিক সংগঠন। গত সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছিলেন তাঁরা। গত মঙ্গলবার ভুটানের ট্রাক আটকে বিক্ষোভও দেখানো হয়। সেই সময় মেয়রের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু আশ্বাসই সার। সমস্যার সুরাহা হয়নি, এই দাবিতে এদিন ফের একবার ভুটানের ট্রাক আটকে পথ অবরোধ করে প্রতিবাদে নামেন ভারতীয় ট্রাকচালক, মালিকরা। সীমান্ত এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এবার বিক্ষোভে চালকদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ট্রাকের সামনে চলে আসে ট্রাক মালিক, চালকদের ছোট ছোট সন্তানরা। স্কুল ইউনিফর্ম পড়েই বাবাদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় ছোটদের।
ভুটান ট্রাকের ফলে রুজি রুটিতে টান পড়ছে ভারতীয় ট্রাকচালকদের। এর আগেও এই সমস্যা তুলে ধরে বিভিন্ন প্রশাসনিক মহলের দ্বারস্থ হয়েছিল বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন। এদিন খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিস। পথ অবরোধ তুলে নিতে অস্বীকার করায় বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিস। ঘটনার জেরে সামান্য উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ