নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোদপুরের ঘোলা এলাকায় এক তরুণীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃদ্ধের পরিবার পাল্টা ওই তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। শনিবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন মাস ধরে একটি বাড়িতে গিয়ে এক কিশোরীকে পড়াচ্ছিলেন ওই তরুণী। সেই বাড়িরই এক বৃদ্ধের বিরুদ্ধে মহিলা যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, পড়াতে গেলে তাঁকে শ্লীলতাহানি করে ওই বৃদ্ধ। দু’দিন আগের ঘটনা হলেও শনিবার তিনি ঘোলা থানায় অভিযোগ জানান। তিনি প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর এবং গালিগালাজ করা হয়। যদিও অভিযোগ খারিজ করে অভিযুক্তের পরিবারের অভিযোগ, মহিলার পড়ানোর কাজে তাঁরা সন্তুষ্ট ছিলেন না। তাই পড়াতে আসতে হবে না বলে জানিয়েছিলেন। এরপরই তরুণী তাঁর পরিবার ও পরিচিতদের নিয়ে বাড়িতে এসে চড়াও হয়ে মারধর করে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘোলা থানার পুলিস তদন্ত করছে।



