সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধানের মৃত্যুর পর শুক্রবার নতুন প্রধান নির্বাচন হল। প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের সদস্যা উমা ভুঁইয়া। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা, ব্লক তৃণমূল সভাপতি রবিন মণ্ডল, ব্লক যুব সভাপতি সৌরভকান্তি বেরা প্রমুখ। তাঁরা নবনির্বাচিত প্রধানকে অভিনন্দন জানান।
এদিন প্রধান নির্বাচনে তৃণমূলের ১২জন সদস্যই উপস্থিত ছিলেন। বিজেপির ন’জন সদস্যের মধ্যে আটজন উপস্থিত ছিলেন। ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হয়। সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তৃণমূলের তরফে মনোনীত উমাদেবীই প্রধান হন। বাড়বাসুদেবপুর এলাকা থেকে নির্বাচিত তৃণমূলের সদস্যা উমাদেবী এর আগে দু’টি টার্মে প্রধান ও উপপ্রধান ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি ১১টি করে আসন পায়। ফলে লটারি হয়। টসে জিতে প্রধান হন বিজেপির সদস্যা নবনীতা কুইলি বর্মন। উপপ্রধান হন তৃণমূলের শেখ আনোয়ার আলি। মিলিজুলিভাবে পঞ্চায়েত চলছিল।
গত ২৬জানুয়ারি প্রধান নবনীতাদেবী চুলে রং করার কেমিক্যাল খেয়ে আত্মঘাতী হন। তারপর উপপ্রধানই পঞ্চায়েতের দায়িত্ব সামলাচ্ছিলেন। মাসখানেক আগে বিজেপির সদস্য কালীশঙ্কর মাইতি তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূল আরও শক্তিশালী হয় এবং আসনসংখ্যা বেড়ে হয় ১২। আর বিজেপির আসনসংখ্যা কমে হয় ন’টি। পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। তারপর এদিন প্রধান নির্বাচন হল। নবনির্বাচত প্রধান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ মেনে সকলকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করব। এলাকার উন্নয়ন এবং মানুষকে পরিষেবা দেওয়াই হবে আমাদের একমাত্র লক্ষ্য।-নিজস্ব চিত্র