সংবাদদাতা, ইটাহার: এসআইআর শুনানি কেন্দ্রে বানানো সহায়তা শিবিরকেই জনসংযোগ ও উন্নয়নমূলক প্রচারের মাধ্যম করেছে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। হিয়ারিংয়ে আসা মানুষজনকে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতিগুলিরও প্রচার করছে তৃণমূল নেতৃত্ব। ব্লকের ৮ টি সহায়তা কেন্দ্রেই দলীয় নেতৃত্বকে নিয়ে থাকছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন।
এসআইআর পর্ব মিটলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ভোটের আগে সংগঠন মজবুত করার পাশাপাশি উন্নয়নের প্রচারকাজ সম্পন্ন করতে সময় খুব কম। দলীয় সূত্রে খবর, বুথে বুথে উন্নয়নের পাঁচালির প্রচার চললেও এসআইআরের জেরে কিছুটা প্রচার কর্মসূচিতে ব্যাঘাত ঘটছে। ফলে তৃণমূল ব্লকের ৮ টি হিয়ারিং সহায়তা কেন্দ্রকেই জনসংযোগ ও উন্নয়নমূলক কাজের প্রচারের মাধ্যম করেছে। প্রতিদিন ব্লকের প্রতিটি শুনানি কেন্দ্রে শয়ে শয়ে মানুষ আসছেন। তাঁদের নথি যাচাই থেকে শুরু করে ফর্ম পূরণ- সমস্তটাই করে দিচ্ছেন তৃণমূলের কর্মীরা। সহায়তা কেন্দ্রে আসা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বিজেপি ও নির্বাচন কমিশনের হয়রানির কথা। সহায়তা কেন্দ্র থেকেই রাজ্য সরকারের নানা প্রকল্পের প্রচারও করছে তৃণমূল।
সহায়তা কেন্দ্রে মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা, তা নজর রাখছেন দলের ব্লক সভাপতি কার্তিক দাস, সহ সভাপতি মজিবুর রহমান, ব্লক যুব সভাপতি মোজাফফর হোসেনরা।
ব্লক সভাপতি বলেন, বৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই বাদ না যায়, সেজন্যই সহায়তা কেন্দ্র থেকে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। হাতে সময় খুব কম, তাই এই শিবির থেকে উন্নয়নের পাঁচালির প্রচার করছি।
নিয়ম করে ব্লকের ৮ টি শুনানি ও সহায়তা কেন্দ্র পরিদর্শন করছেন বিধায়ক মোশারফ হোসেন নিজেও। এছাড়া যে কোনও সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়ে করছেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ। বিধায়ক বলছেন, আমরা সমস্ত দলীয় কর্মসূচিকেই প্রচার ও জনসংযোগের কাজে ব্যবহার করছি। বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরায় আমাদের মূল লক্ষ্য। নিজস্ব চিত্র