Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাব্বিশের ভোটযুদ্ধে পাড়ায় পাড়ায় তৃণমূলের উন্নয়নের পাঁচালি ব্রতকথা

নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং অগ্রাধিকারের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে এগিয়ে চলেছে, এবার সেটাই পাড়ায় পাড়ায় তুলে ধরবে তৃণমূল মহিলা কংগ্রেস।

ছাব্বিশের ভোটযুদ্ধে পাড়ায় পাড়ায়  তৃণমূলের উন্নয়নের পাঁচালি ব্রতকথা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং অগ্রাধিকারের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে এগিয়ে চলেছে, এবার সেটাই পাড়ায় পাড়ায় তুলে ধরবে তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হল কর্মসূচি। চলবে একমাস। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নারীরা হয়ে উঠবেন উন্নয়নের দূত ও বার্তাবাহক। 

Advertisement

সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালি’ শীর্ষক রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় সাড়ে ১৪ বছরে রাজ্য সরকার যে উন্নয়ন করেছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের কর্মকাণ্ডের এই বিস্তারিত তথ্য এবং বিবরণ এবার শহর থেকে গ্রাম সর্বত্র তুলে ধরবেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। ‘উন্নয়নের পাঁচালি ব্রতকথা’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। তার আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছে মঙ্গলবার নজরুল মঞ্চে এক সমাবেশের মাধ্যমে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০০ জন মহিলা উপস্থিত ছিলেন। আগামী একমাস তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সদস্যরা পাড়ায় পাড়ায় বৈঠক করবেন। হবে পথসভাও। উন্নয়নের পরিসংখ্যানসংবলিত পুস্তিকা বিলি করা হবে। বাজবে উন্নয়নের পাঁচালির গান। ১৭-২০ ডিসেম্বর প্রশিক্ষণ কর্মসূচি চলবে। ২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৩০ দিনের জন্য, তৃণমূল স্তরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে প্রতিটি বুথে ন্যূনতম তিনটি করে সভা বা বৈঠক আয়োজন করা হবে। তারপর হবে জেলা সম্মেলন।
এদিনে অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, বিরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সাবিনা ইয়াসমিনরা একযোগে বার্তা দেন, নারীসমাজের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কলকাতা নিরাপদ শহরের তকমা পেয়েছে, অন্যদিকে নারীর জন্য একাধিক প্রকল্পও চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি অধিক সংখ্যায় মহিলা সাংসদ, বিধায়ক, পুর কাউন্সিলার এবং পঞ্চায়েত সদস্য করেছেন মমতা। তাই এবার বাংলার সমস্ত নারীকে একত্র করে, তাঁদের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ