


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ব্লক তৃণমূল সভাপতি কোনও আলোচনা না করেই অঞ্চল সভাপতির নাম সুপারিশ করেছেন। এমনই অভিযোগ তুলে গোঘাট-১ ব্লক তৃণমূল পার্টি অফিসে তালা ঝোলাল দলেরই কর্মীদের একাংশ। বুধবার গোঘাটের এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়ে শাসকদল। পার্টি অফিসে তালা বন্ধ থাকায় বাইরে বসে থাকতে হয় খোদ ব্লক সভাপতিকেই। জেলায় জেলায় সভা করে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার কথা বলছেন। না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। কিন্তু, তারপরেও নেতা-কর্মীদের হুঁশ ফিরছে না।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের অঞ্চল কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। তার আগে সুপারিশ করা অঞ্চল সভাপতির নামের বিষয়টি জানাজানি হয়। তা শুনেই অসন্তোষ প্রকাশ করে দলের কর্মীদের একাংশ। গোঘাট পঞ্চায়েতে ওই সুপারিশ করা সভাপতিকে মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। তার জেরে দলের ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিন বিকেল পর্যন্ত দলের তরফে অঞ্চল সভাপতি ও কমিটি ঘোষণা হয়নি।
বিক্ষোভকারী তৃণমূল কর্মী শুকুর আলি খান, শেখ রূপচাঁদ হোসেন বলেন, বিগত দিনে অঞ্চল কমিটি আলোচনা করে সভাপতি ঠিক করেছে। কিন্তু, বর্তমান ব্লক সভাপতি কোনও আলোচনা না করেই অঞ্চল সভাপতির নাম সুপারিশ করেছেন। যে ব্যক্তির নাম সুপারিশ করা হয়েছে, তিনি বিগত নির্বাচনে নির্দল প্রার্থীকে সমর্থন করেছিলেন। আমরা এব্যাপারে খবর পেয়ে ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু, তা সম্ভব হয়নি। তারই প্রতিবাদ জানিয়ে এদিন দলের ব্লক কার্যালয়ে তালা লাগানো হয়। বিষয়টির সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ব্লক সভাপতি এব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করলে তবেই সুষ্ঠুভাবে কাজ করা হবে।
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে গোঘাট তৃণমূলের হাতছাড়া হয়েছে। লোকসভা নির্বাচনেও বিজেপির থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে গোঘাটে দলের ব্লক পার্টি অফিসে তালা ঝোলানোর ঘটনায় কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে বলে রাজনৈতিক মহলের মত। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূলের একাধিক গোষ্ঠী। পুরনো কর্মীরা স্থান পাচ্ছেন না বলেই ক্ষোভ প্রকাশ করে পার্টি অফিসে তালা দিচ্ছেন। ভোটের আগে তৃণমূলের সব পার্টি অফিসেই তালা পড়ে যাবে। পদ নিয়ে কাড়াকাড়ির জেরেই এই ঘটনা।