Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটা পুনরুদ্ধারে উঠোন বৈঠকে জোর তৃণমূল শিবিরের

প্রকাশ্যে মিটিং, মিছিল নয়। বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে ফালাকাটায় বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার ফালাকাটায় ‘নীরব ভোট’ হবে।

ফালাকাটা পুনরুদ্ধারে উঠোন বৈঠকে জোর তৃণমূল শিবিরের
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রকাশ্যে মিটিং, মিছিল নয়। বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে ফালাকাটায় বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার ফালাকাটায় ‘নীরব ভোট’ হবে। তৃণমূলের দু’বারের জেতা আসন ফালাকাটা। কিন্তু একুশের ভোটে অল্পের জন্য হাতছাড়া হয়। এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে শাসক দলের ব্লক থেকে অঞ্চল নেতৃত্ব। 

Advertisement

ফালাকাটা বিধানসভার সিংহভাগ মানুষের পেশা কৃষিকাজ। সারা দিন জমিতেই থাকেন তাঁরা। তাই দিনে নয়। সন্ধ্যা নামার পর তৃণমূলের বুথভিত্তিক টিম উঠোন বৈঠকে যাচ্ছে ভোটের প্রচারে। দলের বুথভিত্তিক টিমের সদস্যরা বেশি করে বিজেপি সমর্থক বাড়িগুলিতে যাচ্ছেন।
ফালাকাটা বিধানসভায় ২৬৯টি বুথ। বাড়ি বাড়ি প্রচারের জন্য প্রতিটি বুথে ৪-৫টি করে গ্রুপ তৈরি করেছে তৃণমূল। প্রতিটি গ্রুপে ন্যূনতম ৫-৬ জন বাছাই করা দক্ষ দলীয় কর্মীকে রাখা হয়েছে। এক একটি গ্রুপকে আলাদা করে বুথের নির্দিষ্ট ৬০-৭০টি বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বিজেপি সমর্থক বাড়িগুলিতে উঠোন বৈঠকের প্রচারে তৃণমূল কর্মীরা এসআইআরে সাধারণ মানুষের হয়রানি ও  রান্নার সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। একইসঙ্গে তৃণমূল সরকারের নানা উন্নয়নমূলক কাজকর্মের প্রসঙ্গও তুলে ধরা হচ্ছে। উঠোন বৈঠকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী বা যুবসাথী প্রকল্পের সুবিধা যে বিজেপির কর্মী-সমর্থকরাও পাচ্ছেন তাও বোঝানো হচ্ছে। 
দলের গ্রুপ সদস্যরা ছাড়াও বুথভিত্তিক বাড়ি বাড়ি এই প্রচারে বিধানসভা জুড়ে ঘুরছেন দলের ব্লক সভাপতি (গ্রামীণ) সঞ্জয় দাস ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়। সঞ্জয়বাবু বলেন, প্রকাশ্যে মিটিং মিছিল নয়। আমরা সন্ধ্যার পর বাড়ি বাড়ি উঠোন বৈঠকেই জোর দিয়েছি। এতে মানুষের মন বুঝতে বেশি সুবিধা হয়। প্রচারে গিয়ে বুঝতে পেরেছি বিজেপি সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ফালাকাটায় এবার আমরাই জিতছি।
এদিকে, দলীয় কর্মীদের নিয়ে তৈরি গ্রুপ বাড়ি বাড়ি বুথ প্রচারে যাচ্ছে কি না, তার উপরে নজর রাখতে ব্লকে একটি কন্ট্রোল রুমও খুলেছে তৃণমূল। ব্লকের পাঁচ মাইল বাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ভোটের দিন ঘোষণা হয়ে গেলে প্রতিটি অঞ্চলেও একটি করে এই কন্ট্রোল রুম খোলা হবে। মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী শেফালি নট্টও ভোটপ্রচার শুরু করেছেন। শেফালিদেবীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এবার ফালাকাটায় কিন্তু ‘নীরব ভোট’ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ