সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের তৃণমূলের সংগঠনে রদবদল। নতুন ও পুরনোর মধ্যে ভারসাম্য রেখে আগামী বিধানসভা ভোটের আগে নবদ্বীপে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের নদীয়া দক্ষিণ জেলা কমিটি, ব্লক ও টাউন সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। সামনে আনা হয়েছে নতুন মুখ তেমনি রয়েছে বহু পুরনো মুখও।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিতকুমার সাহাকে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। আর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুকুমার রাজবংশী হয়েছেন সহ সভাপতি। এর আগে দীর্ঘদিন সুকুমারবাবু শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। এবার নবদ্বীপ পুরসভার বর্ষীয়ান কাউন্সিলার শ্যামাপ্রসাদ পালকে শহর তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শহর মহিলা তৃণমূল সভানেত্রী কাউন্সিলার মণিকা চক্রবর্তী ওই পদেই বহাল রয়েছেন।
শহর যুব তৃণমূলের দায়িত্বে আনা হয়েছে নতুন মুখ অনির্বাণ ঘোষকে। একই সঙ্গে শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত পালকে সহ-সভাপতি করা হয়েছে। শহর আইএনটিটিইউসি সভাপতি ভানু সাহা ওই পদেই বহাল রয়েছেন। নবদ্বীপ ব্লকের তৃণমূল সভাপতি কল্লোল করকে ব্লক সভাপতির পদেই রেখেছে দল। ব্লক তৃণমূল মহিলা তৃণমূলের সভানেত্রী রিনা দাস এবং ব্লক আইএনটিটিইউসি সভাপতি অমূল্য দেবনাথকে বদল করা হয়নি। ব্লক যুব তৃণমূলের দায়িত্বে রয়েছেন রানা বিশ্বাস। এবার সহ সভাপতি হিসাবে পুরনো কর্মী মিঠুন দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পেশায় শিক্ষক সুজিতকুমার সাহা জানান, দলের সকলের সঙ্গে আলোচনা ও প্রবীণদের মতামত নিয়ে চলব। এত উন্নয়নের পরেও পুরসভার বেশকিছু ওয়ার্ডে কেন পিছিয়ে রয়েছে দল। নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোলবাবু জানান, দল চিন্তাভাবনা করে নতুন কমিটি সাজিয়েছে। দল আমার উপর আস্থা রেখেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমরা কাজ করব। নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মণিকাদেবী জানান, এই শহরে তৃণমূল ক্ষমতায় আসার ২০০২ সালে কমিটি গঠন হয়। তখন থেকেই দল আমার উপর আস্থা রেখেছে।
নব নিযুক্ত নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদবাবু বলেন, আমি দলের কাছে কৃতজ্ঞ। এর আগে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছি। নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় জানান, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।
তবে গত কমিটিতে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন বিমানকৃষ্ণ সাহা। এবছরের তালিকায় তাঁর নাম নেই। বিমানবাবু জানান, দল যেটা করেছে তাতে আমার আপত্তি নেই। দলের নির্দেশের বাইরে আমরা কেউ নই।