শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছে ইডি। আজ, সোমবার সকালেই তাঁর বাড়ি, শ্বশুরবাড়ি ও বীরভূমে থাকা এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মাঝেই আড়াই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফের নিজের মোবাইল পুকুরে ছুড়ে ফেললেন জীবনকৃষ্ণ সাহা। এদিন সকালে ইডির আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দিলে সে প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁকে পাকড়াও করে নিয়ে আসে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময়ে বাড়ির পাশের পুকুরের দিকে নিজের মোবাইল ছুড়ে দেন তৃণমূল বিধায়ক। সেই পুকুর থেকে দুটি মোবাইল উদ্ধার করে আনল ইডির আধিকারিকরা।



