


সংবাদদাতা, বনগাঁ: এসআইআর পর্বে কার্যত ধরাশায়ী বিজেপি। বিপুল পরিমাণ মতুয়াদের নাম বাদ যাওয়ায় ‘চাপে’ গেরুয়া পার্টি। আর এই পর্বেই শনিবার সন্ধ্যায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিভিন্নমহলে তৃণমূল বিধায়কের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আচমকা গাড়িতে করে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। প্রায় আধঘণ্টা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। আর বিষয়টি চাউড় হতেই শোরগোল পড়ে যায়। পাশাপাশি দীর্ঘ বৈঠক ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এনিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, এটা কেবল সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে, তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, এমনি ঠাকুর বাড়িতে এসেছিলাম। এটা কেবল সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই। ঠাকুরবাড়িতে পুজো দিলাম, সবার সঙ্গেই দেখা করেছি। এনিয়ে নদীয়া দক্ষিণ (রানাঘাট সাংগঠনিক) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ঠাকুরবাড়িতে মতুয়াভক্ত হিসাবে যে কেউ যেতেই পারেন। তবে, তাঁর ঠাকুরবাড়িতে যাওয়ায় রাজনীতির যোগ আছে কি না তা আমাদের জানা নেই।