নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে কাঁকিনাড়া বাজারে তৃণমূল নেতা মন্নু সাউকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সকালে চা খেতে বেরলে কয়েকজন তাঁর ব্যাপক মারধর করে। রড, বাঁশ দিয়ে এমনভাবে পেটানো হয় যে তাঁর মাথায় ছ’টি সেলাই পড়েছে। পায়েও লেগেছে জোরালো আঘাত। কল্যাণী জেএনএম হাসপাতালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়। শুক্রবার রাতে কাঁকিনাড়ার মাদ্রালের অভিনন্দনপল্লিতে আরেক তৃণমূলকর্মী দেবা দাসের বাড়িতে একদল যুবক ব্যাপক ভাঙচুর চালায়। লুটপাটও চালানো হয় বলে অভিযোগ। আলমারিতে থাকা সোনার গয়না লুট করা হয়। বাধা দিতে গেলে দেবা দাসের বাবা জিতেন দাসকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বর্তমানে তিনিও কল্যাণীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে বাঁচাতে গিয়ে এক প্রতিবেশী জখম হন। দু’টি ঘটনা নিয়েই খোঁজখবর নিয়েছেন বলে জানান কালীঘাট তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অমিত গুপ্তা। তিনি বলেন, ‘মন্নু সাউ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য প্রাণপাত করেছেন। তারই বদলা নেওয়া হল। তাছাড়া, মাদ্রালে তৃণমূল কর্মীর বাড়িতে যেভাবে হামলা হয়েছে, ভাবা যায় না। রাজ্যে আইনের শাসন আছে বলে মনে হয় না।’ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এসব হামলার পিছনে রয়েছে বলে অভিযোগ তাঁর। পুলিশ কোনো সহযোগিতা করছে না বলেও দাবি করেন তিনি। পুলিশ অবশ্য জানিয়েছে, মারধরের পিছনে রয়েছে মন্নু সাউয়ের একদা সঙ্গী। সে মন্নুর কাছে কিছু টাকা পেত। তা নিয়েই গোলমাল। আর মাদ্রালের ঘটনার খবর পেয়েই ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।



