Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের ভোলবদল, ফরাক্কায় শুভেন্দুর প্রশংসা করে তৃণমূল ত্যাগ মনিরুলের

গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মনিরুল। শুধু তাই নয়, নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার কথাও ঘোষণা করেন।

ফের ভোলবদল, ফরাক্কায় শুভেন্দুর প্রশংসা করে তৃণমূল ত্যাগ মনিরুলের
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর ফের ভোলবদল ফরাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামের। এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে দল ছাড়লেন তিনি। দলে যোগ্য সম্মান পাননি-এই অভিযোগ তুলেই রবিবার সন্ধ্যায় ঘাসফুল শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন মণিরুল। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে-তা নিয়ে ফরাক্কার রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মনিরুল। শুধু তাই নয়, নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার কথাও ঘোষণা করেন। যদিও পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। ভোলবদল করে নিজেকে মমতার একনিষ্ঠ সৈনিক পরিচয় দিয়ে দলেই থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পরই রবিবার সন্ধ্যায় তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন।
রাজনৈতিক মহলের মতে, মনিরুল যে তৃণমূল ছাড়তে পারেন, কয়েকদিন আগেই তার ইঙ্গিত মিলছিল। তৃণমূলের ভরাডুবির পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন। সম্প্রতি ফরাক্কার পরাজিত বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীর সমর্থনে মুখ খুলেছিলেন। মনিরুল প্রকাশ্যেই বলেছিলেন, কংগ্রেসের মাহতাব শেখ নন, সুনীল চৌধুরীই ফরাক্কার যোগ্য বিধায়ক হতেন। রবিবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীকে ‘যোগ্য মুখ্যমন্ত্রী’ বলে প্রশংসায় পঞ্চমুখ হন ফরাক্কার এই প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি থেকে দূরে থাকছে। তাঁরা এগিয়ে গেলেই বিজেপিও তাঁদের ভালোবাসবে।
মনিরুলের এই দলত্যাগ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোট-পরবর্তী মুর্শিদাবাদের রাজনীতিতে মনিরুলের এই পদক্ষেপ নতুন কোন সমীকরণ তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ