Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্যের বাবার নাম, ভোটার আইডি দিয়ে ইনিউমারেশন ফর্ম পূরণ তৃণমূল নেতার!

অন্যের বাবাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠল খোদ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

অন্যের বাবার নাম, ভোটার আইডি দিয়ে ইনিউমারেশন ফর্ম পূরণ তৃণমূল নেতার!
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: অন্যের বাবাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠল খোদ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম পরেশ রাজভর। তিনি পানিশালা অঞ্চলের ১৭৯ নম্বর বুথের সভাপতি। 

Advertisement

অভিযোগ, ওই তৃণমূল নেতা জিরানপুরের এক মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম জমা করেছেন। ওই শাসক দলের নেতা যে ব্যক্তিকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম পূরণ করেছেন তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসনের কাছে। অভিযোগ পাওয়ার পরেই সেই অভিযোগ খতিয়ে দেখছে বিএলও ও ব্লক প্রশাসন। 
যদিও অভিযুক্ত ওই বুথ সভাপতির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিজেপির অভিযোগ, বিএলও’কে ভয় দেখিয়ে অন্যের বাবাকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম জমা করেছেন পরেশ রাজভর। বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকেও দলীয়ভাবে জানানো হবে বলে জানিয়েছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। 
এ বিষয়ে ১৭৯ নম্বর বুথের বিএলও প্রণয়কুমার দত্ত বলেন, বিডিও অফিস থেকে বিষয়টি ভেরিফিকেশন করতে বলা হয়েছে। ফিল্ডে গিয়ে অভিযোগ ভেরিফিকেশন করে রিপোর্ট দেওয়া হবে। 
উল্লেখ্য, নাটাবাড়ি বিধানসভার কোচবিহার-১ নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭৯ নম্বর বুথের বাসিন্দা পরেশ। তিনি এসআইআর ফর্মে তাঁর বাবার নাম লিখেছেন রামপতি রজভার। তিনি জিরানপুর অঞ্চলের টুপামারি গ্রামের বাসিন্দা মহাদেব রাজভরের বাবার ভোটার আইডি ব্যবহার করে এসআইআর ফর্মে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগকারী মহাদেব রাজভর বলেন, আমারা পাঁচ ভাই। এছাড়া আমাদের কোনও ভাই নেই। তারপরেও আমার মৃত বাবা রামপতি রজভারের ভোটার আইডি ব্যবহার করে এসআইআর ফর্মে বাবা হিসেবে পরিচয় দিয়ে ফর্ম পূরণ করেছেন পানিশালা অঞ্চলের পানিগ্রামের বাসিন্দা পরেশ রাজভর। বিষয়টি জানার পর ওই বুথের বিএলও ও বিডিও’কে লিখিত অভিযোগ জানিয়েছি। আমি চাই, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক। 
দলের বুথ সভাপতির নামে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিড়ম্বনায় পড়েছে শাসক তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূলের পানিশালা অঞ্চল সভাপতি মজিবর রহমান বলেন, এ ধরনের কোনও বিষয় জানা নেই। খোঁজ নিয়ে দেখব। 
বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, এজন্যই তৃণমূল এসআইআরের বিরোধিতা করছে। বিএলওদের ভয় দেখিয়ে এভাবেই রাজ্যজুড়ে নাম তোলার চেষ্টা চালাচ্ছে। এটা রাজ্য নির্বাচন কমিশনের নজরে আনব।

Advertisement
সম্পর্কিত সংবাদ