Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ডোমজুড়ে তৃণমূল নেতা গ্রেপ্তার, মাটি মাফিয়াও ধৃত

ডোমজুড়ে ফের তৃণমূল নেতা গ্রেপ্তার। দু’দিন আগে ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন গ্রেপ্তার হয়েছিলেন।

ফের ডোমজুড়ে তৃণমূল নেতা গ্রেপ্তার, মাটি মাফিয়াও ধৃত
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ে ফের তৃণমূল নেতা গ্রেপ্তার। দু’দিন আগে ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন গ্রেপ্তার হয়েছিলেন। শুক্রবার ফের পুলিশের জালে ধরা পড়লেন দক্ষিণ ঝাঁপড়দহ এলাকার এক তৃণমূল নেতা এবং এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তোলাবাজির পুরনো অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে ডোমজুড় থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার নাম কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি দক্ষিণ ঝাঁপড়দহ অঞ্চলের তৃণমূল সভাপতি। তাঁকে তাঁর বাড়ি থেকেই আটক করা হয়। একই রাতে ডোমজুড় থানার কাছে শেখপাড়া এলাকা থেকে লতিফ শেখ নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লতিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাটি ব্যবসা ও বিভিন্ন বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন সকালে ধৃতদের থানার বাইরে থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা দেখা দেয়। থানার সামনে জড়ো হয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি, অটো স্ট্যান্ড নিয়ন্ত্রণ, জোর করে হকার বসানো এবং এলাকায় দাপট দেখানোর অভিযোগ ছিল। দাবি মতো টাকা না দিলে অটো দাঁড়াতে দেওয়া হতো না বলেও অভিযোগ ওঠে।
ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, জয়দীপ বর্মনের ঘনিষ্ঠ বলেই এলাকায় দীর্ঘদিন প্রভাব খাটিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। বিজেপির মণ্ডল সভাপতি সুরজিৎ মণ্ডল বলেন, যিনি যেমন কাজ করেছেন, আইন অনুযায়ী তার ফল পাচ্ছেন। এলাকায় তোলাবাজি, হুমকি ও জমি দখলের মতো অভিযোগ বহুদিনের। আরও কয়েকজনের বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছে বিজেপি।

সম্পর্কিত সংবাদ