সংবাদদাতা, হলদিয়া: আজ, বুধবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডল ঘনিষ্ঠ প্রভাবশালী তৃণমূল শ্রমিক নেতা শ্যামল মাইতিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ। এদিন সকালে তাঁর নামে হলদিয়া থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস জানিয়েছে, হলদিয়ার টাউনশিপের মানস ভুঁইয়া নামে এক প্রোমোটার শ্যামলবাবুর নামে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছেন। তাঁকে ভয় দেখিয়ে ওই টাকা দিতে বাধ্য করেন বলেও অভিযোগ।
এরপর আজ বিকেলে শ্যামলবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। তারপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৪ জুনও শ্যামলবাবুকে থানায় তলব করা হয়েছিল। তৃণমূলের শ্রমিক নেতা ও প্রাক্তন সরকারের স্বরোজগার দপ্তরের ডিরেক্টর শ্যামলবাবুকে গতবার একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারীরা। সেদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা পর ছেড়ে দেওয়া হয়। একসময়ের যুব সংগঠন থেকে উঠে আসা সিপিএম নেতা ২০২০ সালের ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেন। তারপর ফের তিনি দল বদল করে ২০২৫ সালে তৃণমূলে আসেন। তাঁর সঙ্গে যোগ দেন বিদায়ী বিধায়ক তাপসী মণ্ডলও। তৃণমূলে যোগ দেওয়ার পর হলদিয়ার শ্রমিক সংগঠনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কিন্তু গতবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেও এবার পুলিস শ্যামলবাবুকে গ্রেপ্তার করেছে।