Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত ও আমডাঙায় জমজমাট রোড শো তৃণমূল, আইএসএফের

বারাসত ও আমডাঙায় জমাটি প্রচার। মঙ্গলবার আমডাঙার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতির সমর্থনে রোড শো করেন নৌশাদ সিদ্দিকি

বারাসত ও আমডাঙায় জমজমাট রোড শো তৃণমূল, আইএসএফের
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ও আমডাঙায় জমাটি প্রচার। মঙ্গলবার আমডাঙার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতির সমর্থনে রোড শো করেন নৌশাদ সিদ্দিকি। অন্যদিকে, তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে বারাসত শহরে রোড শো করেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। ইতিমধ্যেই কর্মিসভা শেষ করে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন বারাসতের শাসকদলের নেতৃত্ব। এদিন বিকালে প্রার্থীর সমর্থনে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাশগুপ্তর উদ্যোগে চাঁপাডালি মোড় থেকে শুরু হয় তৃণমূলের রোড শো। রণপা, মহিলা ঢাকি সহ সুসজ্জিত তেরঙ্গা বেলুন, ব্যানার, ফেস্টুন ও প্রার্থীর কাটআউট নিয়ে মিছিলে অংশ নেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। প্রার্থী সব্যসাচী দত্ত ছিলেন সুসজ্জিত হুড খোলা গাড়িতে। পুরসভার সমস্ত কাউন্সিলার সহ মহিলা, ছাত্র নেতৃত্ব মিছিলে অংশ নেয়। চাঁপাডালি মোড় থেকে ফ্লাইওভার হয়ে কলোনি মোড়, হেলাবটতলা মোড় হয়ে রোড-শো শেষ হয় ময়নায় গিয়ে। কয়েক হাজার কর্মী-সমর্থকের মিছিলে তৃণমূলের রোড শো ছিল জমজমাট। সব্যসাচীর কথায়, বারাসতের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গোটা রাজ্যেই মানুষের ঢল নামছে। মানুষই বারাসতে বিজেপি ধরাশায়ী করবেন। এদিকে, আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, এটা ট্রেলার হল। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করল, বারাসতে জয় নিশ্চিত।

Advertisement

অন্যদিকে, আমডাঙা কেন্দ্র থেকে বাম-আইএসএফ জোটের প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ মাইতি। এদিন প্রার্থীর সমর্থনে আমডাঙায় রোড-শো করেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সন্তোষপুর থেকে জয়পুল পর্যন্ত এই রোড-শো চলাকালীন রাস্তার দু’ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, আমডাঙা কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি। এই কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছেন রফিকুর রহমান। এবার দল তাঁকে টিকিট দেয়নি। তৃণমূলের প্রার্থী হয়েছেন কাশেম সিদ্দিকি। কাশেম আবার নৌশাদ সিদ্দিকির আত্মীয়। তা সত্ত্বেও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে রোড শো করলেন নৌশাদ। তিনি বলেন, এটা রাজনীতির লড়াই। শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছি। এই কেন্দ্রে আইএসএফ জিতবে।  বারাসত শহরে তৃণমূলের প্রচার।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ