নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ভোট গণনার দিনে প্রত্যেকটি কেন্দ্রে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে তৃণমূল। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, বিজেপি নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করতে পারে। তাই গণনা কেন্দ্রে যে তৃণমূলের সৈনিকরা থাকবেন, তাঁরা সব দিকে নজর রাখবেন। ঠিক এই প্রেক্ষাপটেই গণনা কেন্দ্রে যে সমস্ত তৃণমূলের কাউন্টিং এজেন্টরা থাকবেন, তাঁদের করণীয় কর্তব্য কি কি হবে, সে সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল চারটের সময় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক দেখেছেন তিনি। এই বৈঠকে কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকবেন। আর থাকবেন দলীয় বেশ কয়েকজন পদাধিকারী। তৃণমূলের পক্ষ থেকে আগে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রে যাঁরা যাবেন, তাঁরা তাঁদের কর্তব্য দায়িত্বের সঙ্গে পালন করবেন। কোনোরকম শিথিলতা যেন না আসে। গণনা শুরু হওয়ার এক ঘন্টা আগেই সেই কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই সময়টাই প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। পোস্টাল ব্যালট এবং ইভিএম কাউন্টিংয়ে সঠিকভাবে তথ্য খাতায় নথিভুক্ত করতে হবে। খাবার খেতে বা বাথরুমে যেতে হলে অন্য যোগ্য লোককে দায়িত্ব দিয়ে সেখান থেকে বেরোতে হবে এবং কয়েক মিনিটের মধ্যে ফিরে আসতে হবে।



