নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলাকে ঘিরে তুলকালাম। এদিন পুরসভার আধিকারিকদের সঙ্গে যান পুলিশ কর্মীরাও। অভিযোগ, অবৈধভাবেই ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে শুরুতে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার আধিকারিকদের কাছে অর্ডারের কপি দেখতে চান। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। দাবি করা হয়, অর্ডারের কপিটি ঠিক নেই। এমনকী তা বৈধ নয় বলেও অভিযোগ তোলা হয়। এরপরই পুরসভার আধিকারিকরা ফিরে যান। এর কিছুক্ষণ বাদেই অবশ্য ফিরে আসেন তাঁরা। সঙ্গে প্রচুর পুলিশ কর্মী। অভিযোগ তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। অভিষেক ঘনিষ্ঠরা বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কিন্তু তাতে লাভ হয়নি। শেষমেশ পুলিশ এবং পুরসভার আধিকারিকরা গেট দিয়ে ঢুকে সোজা বিল্ডিংয়ের ছাদে চলে যান। হেলমেট পরে সিঁড়ি দিয়ে তাঁদের ছাদে উঠতে দেখা যায়। এরপর বিলবোর্ডটি ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূলের মহিলা কর্মীরা অভিযোগ করেন, তাঁদের হেনস্তা করা হয়েছে।



