Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি বাতিলের প্রতিবাদে দুই বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবদের মিছিল

২৬ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুবরা।

চাকরি বাতিলের প্রতিবাদে দুই বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবদের মিছিল
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর, মানকর ও কালনা: ২৬ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুবরা। শুক্রবার দুর্গাপুর সিটি সেন্টারে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুবরা একটি মিছিল করে। এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী সহ যুব ও ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব। শতাধিক নেতা-কর্মী নিয়ে এদিন সিটি সেন্টারের সিধু-কানু স্টেডিয়াম থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে এডিডিএ ভবনের সামনে একটি পথসভা হয়। নরেন্দ্রনাথবাবু বলেন, এই ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি গিয়েছে বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রের কারণে। সারা বাংলাজুড়ে নৈরাজ্যের চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের শিকার ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী।

Advertisement

বর্ধমান শহরেও প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার প্রমুখ। ভাতারেও এই কর্মসূচি পালন করা হয়। জামালপুর ব্লক অফিস থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়। কালনা মহকুমাজুড়েও প্রতিবাদে শামিল হন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবরা। এদিন কালনা-১ ব্লকের মালতিপুর-মুক্তকেশীতলা থেকে ধাত্রীগ্রাম-নবদ্বীপ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। ছাত্র-যুব ও দলীয় কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলান মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী প্রমুখ। পূর্বস্থলী-১ ব্লকেও নিমতলা থেকে জালুইডাঙা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। সেখানে শামিল হন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ শর্মিলা সরকার প্রমুখ। কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অনিল বসুর নেতৃত্বেও প্রতিবাদ মিছিল করা হয়।
স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। সেখানে কিছু স্বার্থান্বেষী চক্রান্তকারী চাকরি হারানো শিক্ষক ও সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। অস্বাভাবিকভাবে ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে। অন্যান্য দ্রব্যের দামও আকাশ-ছোঁয়া। গ্যাসের দামও বৃদ্ধি হয়েছে। সিপিএম, বিজেপির চক্রান্ত এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শহর থেকে গ্রামে বুথে বুথে আমাদের প্রতিবাদ চলবে।
অন্যদিকে, শুক্রবার গলসি-২ ব্লক তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের তরফেও প্রতিবাদ মিছিল করা হয়। এদিন গলসি কলেজ মোড় থেকে চৌমাথা পর্যন্ত মিছিল করেন দলীয় কর্মীরা। মিছিলে উপস্থিত বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি সিপিএম ও বিজেপি মিলিতভাবে খেয়ে নিয়েছে। চাকরিহারা শিক্ষকরা যাতে বিভ্রান্ত না হন সেজন্য ছাত্র সমাজ মিছিলে হাঁটছে। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। উনি কথা দিয়েছেন সকলের চাকরি ফেরত দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ