নিজস্ব প্রতিনিধি, বারাসত: ড্রেনের উপরের স্ল্যাব ভাঙা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা ছড়াল। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুরে। আক্রান্ত তৃণমূল কর্মী আলি হাসান বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে আলি হাসান তাঁর বাড়ির সামনে ড্রেনে একটি স্ল্যাব দেন। নিজের খরচে আলি সেটি তৈরি করেছেন যাতায়াতের সুবিধার্থে। অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের একাংশের মদতে এক ঠিকাদারের গাড়ি গিয়ে সেই স্ল্যাব ভেঙে দেয়। প্রতিবাদ করেছিলেন আলি। তারপর কিছুদিন বন্ধ ছিল গাড়ির আনাগোনা। শুক্রবার তা নিয়ে প্রতিবাদ করতেই তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন আলির উপর হামলা চালায় বলে অভিযোগ।



