সংবাদদাতা, ধূপগুড়ি: টোটোস্ট্যান্ডকে কেন্দ্র করে রবিবার ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস-বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায়। দুপুরে নেতাজি সুভাষ রোডের টোটোস্ট্যান্ডে টোটো দাঁড় করানো নিয়ে শুরু হওয়া বিরোধ। দুই রাজনৈতিক দলের সমর্থিত টোটোচালকদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হস্তক্ষেপ করতে এসে নেতারাও বিবাদে জড়িয়ে পড়েন। ঘটনায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বিপুল সংখ্যক টোটোচালক বিজেপিতে যোগদান করেন। তারপরেই টোটোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও অধিকার নিয়ে জটিলতা তৈরি হয়। রবিবার বিজেপি সমর্থিত টোটোচালকরা স্ট্যান্ডে এসে গাড়ি দাঁড় করাতে চাইলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা শুরু হয় দু’পক্ষের। উত্তেজনা বাড়তে থাকে এবং বিজেপি সমর্থিত চালকরা রাস্তার ওপর বসে পড়েন। পথ অবরোধ শুরু হলে তৃণমূল সমর্থিত টোটোচালকদের বক্তব্য, টোটোস্ট্যান্ডের কিছু নির্দিষ্ট নিয়ম দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাঁদের দাবি, আগে যে টোটোচালক সম্পাদক ছিলেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর পুরনো নিয়ম ভেঙে নতুন নিয়ম চালু করতে চাইছেন।



