মহানায়ককে শ্রদ্ধা, স্ট্যাম্প প্রকাশ করবে ডাকবিভাগ
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির আইকন উত্তমকুমারের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে একাধিক আয়োজন চারদিকে। তাঁকে ঘিরে চার দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। থাকছে তাঁর ছবি প্রদর্শন, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রদর্শনী। অন্যদিকে, বিজলী সিনেমার সামনে উন্মোচিত হতে চলেছে মহানায়কের ২০ ফুটের মূর্তি। তাঁর জন্মদিন উদযাপনে পিছিয়ে নেই ডাক বিভাগও। উত্তমকুমারকে কেন্দ্র করে এবছর প্রথমবার ডাক টিকিট বা স্ট্যাম্প প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নন্দনে ওই স্ট্যাম্প প্রকাশিত হবে। ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্কৃতি বা উৎসবকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ সাধারণ স্পেশাল কভার প্রকাশ করে থাকে। স্মারক হিসাবে সেই কভার সংগ্রহ করতে পারেন সাধারণ গ্রাহক। কিন্তু ডাকটিকিট প্রকাশ করা হয় অতি বিশেষ ক্ষেত্রে। ঠিক যেমন ২০২৩ সালের ২২ মে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকীতে ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল থেকে। ওই বছরই ২৭ ডিসেম্বর বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠাদিবসে প্রকাশিত হয় ডাকটিকিট। ২০২৪ সালে এরাজ্য থেকে কোনো স্ট্যাম্প প্রকাশিত হয়নি। ২০২৫ সালের ২৪ নভেম্বর খড়গপুর আইআইটির প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে ফের প্রকাশিত হয় ডাকটিকিট। মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে স্ট্যাম্প প্রকাশিত হতে চলেছে বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্তারা।    

Advertisement