নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যস্ততম যশোর রোডে চলন্ত অটোর উপর আস্ত একটা গাছ ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় জখম হয়েছেন অটো যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে অটো। কেউ মাথায় চোট পেয়েছেন, কারও হাত ভেঙেছে। জখমদের নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন যাত্রীরা। শনিবার বিকালে ঘটনাটি ঘটে যশোর রোডের জগদীঘাটা-কাজিপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিস। এর জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। স্থানীয় ও পুলিসের প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে যানজট মুক্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিড়া থেকে বারাসতের চাঁপাডালি আসছিল একটি যাত্রীবোঝাই অটো। যশোর রোড ধরে বারাসতের জগদীঘাটা-কাজিপাড়া পৌঁছতেই হুড়মুড় করে একটা প্রকাণ্ড মেহগনি গাছ শিকড় সহ ভেঙে পড়ে অটোর উপরে। ভেতরে থাকা থাকা যাত্রীরা জখম হন। যাত্রী অসীমা ঘোষ, আরজিনা বিবি বলেন, অটোর উপরে গাছ ভেঙে পড়ায় মাথায় গুরুতর চোট পেয়েছি। যশোর রোডের ধারেই হাইড্রেনের কাজ চলছিল। সেই কারণে মাটি খোঁড়া হয়। গাছের গোড়া আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি। রাস্তার ধারে বিপজ্জনক এধরনের একাধিক গাছ রয়েছে, সেগুলি কেটে ফেলা উচিত।



