Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

১৫ জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার, যোগাযোগও বিচ্ছিন্ন!

শঙ্করপুরের গভীর সমুদ্রে ১৫ জন মৎস্যজীবীসহ ট্রলার নিখোঁজ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান শুরু করেছে। বিস্তারিত পড়ুন।

১৫ জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার, যোগাযোগও বিচ্ছিন্ন!
  • ৮ জুলাই, ২০২৬ ২১:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী-সহ একটি ট্রলার নিখোঁজ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের শঙ্করপুর উপকূল এলাকায়। আজ, বুধবার রাত পর্যন্ত ট্রলারটির কোনও খোঁজ না মেলায় রীতিমতো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ট্রলার মালিক থেকে শুরু করে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় কোস্টাল থানাগুলির পুলিশ যৌথভাবে অনুসন্ধান শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, নিখোঁজ ট্রলারটির নাম 'মা কালী'। ট্রলারটির মালিক রামনগর থানার দেউলিবাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরা। গত ২জুলাই শঙ্করপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে রওনা দেয় ট্রলারটি। নির্দিষ্ট সময়ে ফিরে আসার কথা থাকলেও ট্রলারটি এখনও পর্যন্ত সেটি বন্দরে ফেরেনি। ট্রলারে থাকা ১৫জন মৎস্যজীবীর কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মোবাইল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

ট্রলারটির সঙ্গে যোগাযোগ না হওয়ায় প্রথমে সহকর্মী মৎস্যজীবীরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। এরপর বিষয়টি ট্রলার মালিক এবং শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়। প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন নায়ক  বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মৎস্য দপ্তর, স্থানীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমেও অনুসন্ধানের আবেদন করা হয়েছে যাতে ট্রলারটির অবস্থান দ্রুত শনাক্ত করা যায়।

জেলা মৎস্য অধিকর্তা সুমন সাহা বলেন, ট্রলার নিখোঁজের খবর পাওয়ার পরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কোস্টাল থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সমুদ্রে সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি গভীর সমুদ্রে থাকা অন্যান্য ট্রলারগুলিকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। কোনও ট্রলার যদি 'মা কালী'-র সন্ধান পায়, তাহলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে, নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলির মধ্যেই উদ্বেগ ক্রমশই বাড়ছে। প্রিয়জনদের কোনও খবর না পাওয়ায় অনেকেই শঙ্করপুর মৎস্যবন্দরে এসে অপেক্ষা করছেন। দ্রুত ট্রলারটির সন্ধান মিলুক এবং সকল মৎস্যজীবী নিরাপদে ফিরে আসুন। এই প্রার্থনাই করছেন তাঁরা ।

Advertisement
সম্পর্কিত সংবাদ