Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শুল্ক কাঁটায় বিপন্ন ১৭ হাজার কোটি টাকার বাণিজ্য, জয়পুরে পুড়ল ট্রাম্পের কুশপুতুল

ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-মহাযুদ্ধে’র জেরে বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের বাণিজ্যমহলে। চামড়া, তথ্যপ্রযুক্তি থেকে রত্নালঙ্কার, হস্তশিল্প—কোনও ক্ষেত্র বাদ নেই।

শুল্ক কাঁটায় বিপন্ন ১৭ হাজার কোটি টাকার বাণিজ্য, জয়পুরে পুড়ল ট্রাম্পের কুশপুতুল
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-মহাযুদ্ধে’র জেরে বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের বাণিজ্যমহলে। চামড়া, তথ্যপ্রযুক্তি থেকে রত্নালঙ্কার, হস্তশিল্প—কোনও ক্ষেত্র বাদ নেই। প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করে রাজস্থান। তার বেশিরভাগটাই যায় আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্টের চাপানো ৫০ শতাংশ পাল্টা শুল্কের জেরে চরম ক্ষতির আশঙ্কায় রপ্তানি ব্যবসায়ীরা। তাই মঙ্গলবার ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন জয়পুরের ব্যবসায়ীরা। পোড়ানো হল ট্রাম্পের কুশপুতুল। মার্কিন পণ্য বয়কটের ডাকও দিলেন সকলে। 

Advertisement

জয়পুরের রাজাপার্ক চকে এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। প্ল্যাকার্ডগুলিতে একাধিক মার্কিন পণ্য ও পরিষেবার ছবির উপর কালো রঙ দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়। ট্রাম্পের কুশপুতুলের পাশাপাশি পোড়ানো হয় মার্কিন ডলারও। রাজাপার্ক ব্যাপার মণ্ডলের সভাপতি রবি নায়ার বলেছেন, ‘জয়পুরের প্রতিটি নাগরিকদের মার্কিন পণ্য বয়কটের আবেদন জানাচ্ছি। আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের প্রতিবাদ পৌঁছে দিতে চাই।’
জয়পুরের পাশাপাশি যোধপুর থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার আসবাব ও ধাতুর তৈরি সামগ্রী রপ্তানি হয় মার্কিন মুলুকে। বিকানিরের সুতো, উদয়পুরের কোয়ার্টজ, কোটার পাথর, হাদোরির ডেয়ারি শিল্প ছাড়াও রাজস্থানের হস্তশিল্পেরও একটা বড় অংশ মার্কিন বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু ট্রাম্পের খামখেয়ালিপনায় সেই পণ্যে এবার গুনতে হবে অতিরিক্ত শুল্ক। বিকল্প বাজার খুঁজে বের করাও সময়সাপেক্ষ। রাজস্থানের হস্তশিল্প রপ্তানির একটি সংগঠনের সদস্য নভিনিত ঝালানির আশঙ্কা, অতিরিক্ত শুল্কের জেরে ২৮ আগস্টের (ট্রাম্প নির্ধারিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার দিন) পর যাবতীয় অর্ডার বাতিল করে দেবেন আমেরিকান ব্যবসায়ীরা। সব মিলিয়ে এই মুহূর্তে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে রাজস্থানের অন্তত ৭ লক্ষ পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ