নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টোটোর দৌরাত্ম্যে রাশ টানতে আগামী ১৪ জুলাই থেকে সিউড়ি শহরে ‘কিউ আর কোড’ যুক্ত টোটোর চলাচল শুরু হবে। দিনে আট ঘণ্টা করে দু’ধাপে জোড়-বিজোড় পদ্ধতিতে চলবে এই যান। শহরে বেড়ে চলা বেপরোয়া টোটোর গতিতে রাশ টানতেই সিউড়ি পুরসভার এই সিদ্ধান্ত।
চালকদের সচেতন করতে মঙ্গলবার থেকে শহরজুড়ে পুলিস ও পুরসভার যৌথ উদ্যোগে মাইকে চলে প্রচারপর্ব। আজ, বুধবারও এভাবেই চলবে প্রচার। তবে, এরপরও টোটোচালকদের বাড়াবাড়ি নজরে এলে হবে ধরপাকড় অভিযান। নিয়মভঙ্গের অভিযোগে নির্দিষ্ট টোটোর চলাচলের ক্ষেত্রে কমপক্ষে সাতদিনের জন্য নিষেধাজ্ঞা জারি হবে। সেইসঙ্গে জরিমানাও আদায় করা হবে। সিউড়ির পুর চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক চালকদের সচেতন করতে এদিন থেকে মাইকে প্রচারের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে নির্ধারিত দিন থেকে জোড় ও বিজোড় পদ্ধতিতে দিনে আট ঘণ্টা করে শহরে টোটো চলাচল করতে পারবে। বেপরোয়া টোটোর চলাচলে রাশ টানতে ওদিন থেকেই শুরু হবে ধরপাকড়। নিয়মভঙ্গকারী টোটো চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুরসভা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরে প্রায় তিন হাজার টোটো রেজিস্ট্রেশনের আওতায় রয়েছে। মহকুমা প্রশাসনের সহযোগিতায় কয়েক মাস আগে ওই টোটোগুলিতে ‘কিউআর কোড’ বসানোর কাজ শুরু হয়। অধিকাংশ টোটোয় ‘কিউআর কোড’ বসানোর কাজ শেষ। যদিও গুটিকয়েক এখনও এর আওতার বাইরে রয়েছে। এক্ষেত্রে নিয়ম না মানলে জরিমানার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছিল। কিন্তু এর আগে পুরসভার তরফে জারি নির্দেশিকা দিনের আলো দেখেনি। ফলে আজও সিউড়ি শহরে বেপরোয়া টোটোর দাপট লাগামহীন। শহরবাসী বিরক্ত। তবে পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, আগামীতে শহরের রাস্তায় ‘কিউআর কোড’ ছাড়া টোটো নজরে এলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুরসভার তরফে আরও জানা গিয়েছে, নয়া সিদ্ধান্ত অনুযায়ী টোটোর রেজিস্ট্রেশন নম্বরপ্লেট অর্থাৎ টিন নম্বরের সূত্র ধরে জোড় ও বিজোড় চিহ্নিতকরণ হবে। পুরসভার তরফে বেঁধে দেওয়া জোড়-বিজোড় পদ্ধতির নিয়ম মেনে সকাল ৬টা থেকে দুপুর ২টো এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত শহরে টোটো চলবে। শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, পুরসভা ও প্রশাসনের তরফে সিদ্ধান্ত চূড়ান্ত হতেই আমরা চালকদের সঙ্গে একাধিক বৈঠক করেছি। শহরকে যানজটমুক্ত করে তুলতে এই নয়া পদ্ধতিতে টোটো চলাচলের পক্ষে রয়েছি।