সংবাদদাতা, শিলিগুড়ি: টোটোর দাপটে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেট সংলগ্ন এশিয়ান হাইওয়েতে প্রতিদিনই বাড়ছে যানজট। হাসপাতালের গেটের সামনে রাস্তার দু’পাশে টোটো দাঁড়িয়ে থাকা এবং যাত্রী ওঠানামার জেরে ব্যস্ত মহাসড়কের একাংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে। বেআইনি এই পার্কিংয়ের ফলে সমস্যায় পড়ছেন রোগী, তাঁদের পরিজন থেকে শুরু করে সাধারণ পথচারী ও গাড়িচালকরা।
হাসপাতালে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সকেও অনেক সময় যানজটে আটকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, এশিয়ান হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে চলাচলকারী গাড়ির সঙ্গে টোটোর হঠাৎ রাস্তা পারাপার কিংবা দাঁড়িয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নির্দিষ্ট টোটো স্ট্যান্ড না থাকায় গেটের সামনে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী ধরার জন্য মেডিকেলের গেটের সামনে থেকে এশিয়ান হাইওয়ে-২ এর ধার দিয়ে টোটোগুলি লাইন করে পার্ক করা থাকছে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ছে।
হাসপাতাল চত্বর ও এশিয়ান হাইওয়ের এই গুরুত্বপূর্ণ অংশে নিয়মিত ট্রাফিক নজরদারি এবং টোটোর জন্য নির্দিষ্ট দাঁড়ানোর জায়গা তৈরির দাবি উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগ, হাসপাতাল থেকে বেরোনোর গুরুত্বপূর্ণ এই রাস্তার মোড়ে টোটো-অটোগুলি কার্যত রাস্তার একটি বড়ো অংশ দখল করে রাখছে। যাত্রী পাওয়ার আশায় চালকদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তৈরি হচ্ছে যানজট। অথচ হাসপাতালের গেটের পাশেই আছে ট্রাফিক পুলিশের বুথ। সেখানে ট্রাফিক পুলিশ কর্মীরা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও, রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা টোটোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা টোটো সরানো প্রয়োজন।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ বলেন, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করা হবে। বিষয়টি আমি দেখছি। • নিজস্ব চিত্র।