Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিনিবাস ও গাড়ির রেষারেষি, ধাক্কায় মৃত্যু টোটো চালকের

ব্যস্ততম হাওড়া-আমতা রোডে মিনিবাস ও প্রাইভেট গাড়ির রেষারেষির জেরে বাসের ধাক্কায় মৃত্যু হল টোটো চালকের। নাম বুবাই চক্রবর্তী (৪৭)।

মিনিবাস ও গাড়ির রেষারেষি,  ধাক্কায় মৃত্যু টোটো চালকের
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ব্যস্ততম হাওড়া-আমতা রোডে মিনিবাস ও প্রাইভেট গাড়ির রেষারেষির জেরে বাসের ধাক্কায় মৃত্যু হল টোটো চালকের। নাম বুবাই চক্রবর্তী (৪৭)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকড়া বাজারের কাছে। বাস ও গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

এদিন সকালে হাওড়া-আমতা রোড দিয়ে আসছিল বাঁকড়া-ধর্মতলা রুটের মিনিবাসটি। হাওড়ার দিকে যাচ্ছিল সেটি। একটি প্রাইভেট গাড়ি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। বাঁকড়া বাজারের কাছে ঘিঞ্জি রাস্তায় বাস ও গাড়ি মধ্যে রীতিমতো রেষারেষি শুরু হয়। তা দেখে অনেকেই দুর্ঘটনার আশঙ্কা করছিলেন। সেটাই সত্যি হয়। টোটো চালিয়ে দুধের ক্যান নিয়ে যাচ্ছিলেন বুবাই চক্রবর্তী। প্রথমে বাসটি এসে টোটোটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটি এসেও ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বুবাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিনিবাস ও গাড়িটিকে বাজেয়াপ্ত করে বাঁকড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কথায়, সকাল থেকেই হাওড়া-আমতা রোডে তীব্র যানজট লেগে থাকে। এই রুটের মিনিবাস যেভাবে ভিড়ের মধ্যে বেপরোয়াভাবে চলাচল করে, তাতে প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে বাঁকড়া-ধর্মতলা রুটের মিনিবাসগুলি স্ট্যান্ড থেকে ছাড়ার পর কিছুটা দূর যেতে না যেতেই অন্তত পাঁচ থেকে দশ মিনিট রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তোলে বলে অভিযোগ। এতে যানজট দ্বিগুণ বেড়ে চলেছে।
হাওড়া-আমতা রোডে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে পুলিশের ভূমিকা একেবারেই নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘টোটো, অটো, বাসের ভিড়ে এই রাস্তায় যানজট সামলানো কঠিন। ফুটপাত দখল করে বাজার বসার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। তবুও ট্রাফিক সামলাতে পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখা হয়।’ অন্যদিকে এদিন সকালেই বালির বাদামতলায় একটি টোটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়েমুচড়ে যায় টোটোটি। সামান্য আহত হন টোটোচালক। বালি ট্রাফিক গার্ডের পুলিশ গাড়িটিকে আটক করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ