ওড়িশায় ধৃত মাওবাদী শীর্ষ নেতা কুঞ্জম হিদমা
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল ওড়িশা পুলিস। বৃহস্পতিবার শীর্ষ মাও নেতা কুঞ্জম হিদমা ওরফে মোহনকে গ্রেপ্তার করল কোরাপুট জেলার ভলান্টিয়ারি ফোর্স (ডিভিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে অভিযান চালানো হয় এসডিপিও পার্থ কাশ্যপ ও ডিআইওসি অ্যাসিট্যান্ট কমান্ডান্ট দিব্য প্রসাদ পারিদার নেতৃত্বে। নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালায় মাওবাদীরা। পালিয়ে যায় পাশের জঙ্গলে। যদিও দমে যায়নি নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে তল্লাশি চলাকালীন আটক করা হয় হিদমাকে। যদিও তার সঙ্গীরা পালিয়ে যায়।

Advertisement

মাওবাদীদের এরিয়া কমিটির সদস্য হিদমা ছত্তিশগড়ের বিজাপুরের বাসিন্দা। ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশজুড়ে মাওবাদী কার্যকলাপ বাড়াতে সক্রিয় ভূমিকা নিয়েছিল সে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৩৫ রাউন্ড গুলি সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। হিদমার মাথার দাম ছিল আট লক্ষ টাকা।