দুবাই: বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? তাঁর বাসভবনে ইরানি মিসাইল হামলার পর থেকে তাঁর আর কোনো বিবৃতি প্রকাশিত হয়নি। এই অবস্থাতেই বৃহস্পতিবার ইরানবাসীর উদ্দেশে বার্তা দিলেন তিনি। পাশাপাশি এও জানালেন ইরানের পরমাণু প্রক্রিয়ায় বড়সড় আঘাত হেনেছে ইজরায়েল। হামলায় খামেনেইয়ের দেশে প্রথম সারির পরমাণু বিজ্ঞানীদের খতম করা গিয়েছে। ইরান যুদ্ধের ১৪তম দিনে নেতানিয়াহুর এক সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো ভাইরাল হয়। তাতে তিনি এই দাবি করেছেন। পাশাপাশি ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের প্রসঙ্গও উস্কে দেন নেতানিয়াহু। তিনি বলেন, মোজতবা রিভলিউশনারি গার্ডের হাতের পুতুল ছাড়া আর কিছুই নন। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে (মোজতবা খামেনেই) একবারও সামনে দেখা যায়নি।



