নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ার ঝামেলা মেটানো নিয়ে আদালতের নির্দেশ কার্যকর না করায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব। বুধবার বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ‘একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান সচিব যদি আদালতের নির্দেশ কার্যকর না করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?’
ঘটনা হল, টলি পাড়ার সমস্যা মেটাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে সবপক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল বিচরিপতি সিনহার সিঙ্গল বেঞ্চ। কিন্তু অভিযোগ, পরিচালক ও ফেডারেশনের প্রতিনিধিদের একসঙ্গে বসিয়ে শুনানির কথা থাকলেও ১৬ জুলাই প্রত্যেককে আলাদা আলাদা করে ডাকা হয়েছিল। এই অভিযোগ শোনার পরই প্রধান সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। বলেন, ‘নির্দেশ সত্ত্বেও কেন অলাদা আলাদা করে প্রত্যেকের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিলেন সচিব? আমি কঠোর দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখছি। একজন সচিব যদি এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়?’ এরপর সচিবের তরফে এজলাসে উপস্থিত আইনজীবী অনিন্দ্য মিত্র জানান, সকলকে একসঙ্গে নিয়ে নতুন করে শুনানির ব্যবস্থা করা হোক।
বিচারপতি সিনহা নির্দেশে জানান, নতুন করে শুনানির দিন ধার্য করবেন প্রধান সচিব। এবং বিবাদ মেটাতে কার্যকর পদক্ষেপ করবেন। তারপর আদালতে রিপোর্ট জমা দিতে হবে। ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি।