Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টলি-পাড়ার সমস্যা! ফের বিরক্তি প্রকাশ আদালতের

কিছুতেই কাটছে না টলি পাড়ার সমস্যা। যার জেরে ফের বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে জট কাটাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট।

টলি-পাড়ার সমস্যা! ফের  বিরক্তি প্রকাশ আদালতের
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কিছুতেই কাটছে না টলি পাড়ার সমস্যা। যার জেরে ফের বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে জট কাটাতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ ছিল, মামলাকারী পরিচালক এবং ফেডারেশনকে মুখোমুখি বসিয়ে তাদের বক্তব্য শুনতে হবে এবং সমাধান সূত্র বের করতে হবে। বৈঠকের নির্যাস উল্লেখ করে একটি রিপোর্টও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার বিচারপতি সিনহার এজলাসে সেই রিপোর্ট জমা দিয়ে জানানো হয়, সমস্যার সমাধানে একটি কমিটি গড়তে চাইছে সরকার। এই বক্তব্য শোনার পরে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, ‘ফের কমিটি কেন? আদালত সচিবকে সমাধান সূত্রে আসতে বলেছিল। তিনি দায় এড়াতে পারেন না। কমিটি গঠনের বিষয়টি মেনে নিচ্ছে না আদালত।’ মামলাকারী পরিচালকদের আইনজীবী অবশ্য অভিযোগ করেন, বৈঠকে ফেডারেশনের তরফ থেকে একরকম ভীতি প্রদর্শন করা হয়েছিল। আদালতে সরকারের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে তা তারা হাতে পাননি। যদি কোন কমিটি গঠন করা হয় সেক্ষেত্রে সরকারি কোনও আধিকারিক সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন না করলে এই সমস্যার সমাধান হবে না। আপাতত বৈঠকের নির্যাস সংক্রান্ত রিপোর্ট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রিপোর্টের প্রেক্ষিতে ১৩ আগস্ট মামলাকারী পরিচালকরা তাদের বক্তব্য জানাতে পারবেন ওই দিন মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ