Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ সামনে জাপান, কঠিন পরীক্ষা হরমনপ্রীতদের

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে জিতলেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা চীনের বিরুদ্ধে আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে রক্ষণের দুর্বলতা।

আজ সামনে জাপান, কঠিন পরীক্ষা হরমনপ্রীতদের
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজগির: এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে জিতলেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা চীনের বিরুদ্ধে আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে রক্ষণের দুর্বলতা। সেই রোগ দ্রুত সারানোই চ্যালেঞ্জ কোচ ক্রেগ ফুলটনের। রবিবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ জাপান। গত ম্যাচে দারুণ গতিশীল হকিতে কাজাখস্তানকে ৭-০ গোলে দুরমুশ করেছে তারা। ফলে রীতিমতো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের সামনে।

Advertisement

খাতায়-কলমে অবশ্য ফেভারিট হিসেবেই মাঠে নামবেন হরমনপ্রীত সিংরা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে সপ্তম স্থানে। আর জাপানের অবস্থান ১৮ নম্বরে। তবুও দুই দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সের নিরিখে বিচার করলে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই প্রবল। চীনের বিরুদ্ধে ভারতের চারটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। তবুও এই বিভাগে আরও উন্নতি প্রয়োজন। দলে চারজন ড্র্যাগ ফ্লিকার থাকা সত্ত্বেও হাফ-ডজনের বেশি পেনাল্টি কর্নার নষ্ট হয়েছে। এই প্রসঙ্গে কোচ ফুলটনের মন্তব্য, ‘প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ছেলেরা। গোলের প্রচুর সুযোগ কাজে লাগানো যায়নি। পাশাপাশি ডিফেন্সেও ধরা পড়েছে ফাঁকফোকর। সমস্যাগুলি দ্রুত কাটিয়ে ওঠা জরুরি। অবশ্য যে কোনও টুর্নামেন্টের শুরুতে কিছুটা হলেও জড়তা কাজ করে। আমার বিশ্বাস, জাপানের বিরুদ্ধে পরের ম্যাচেই সেরা ছন্দ মেলে ধরবে দল।’ প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক হরমনপ্রীত। তিনিও কোচের সঙ্গে সুর মিলিয়ে জানিয়েছেন, ‘জিতলেও প্রথম ম্যাচে প্রত্যাশামাফিক খেলতে পারিনি আমরা। সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে।’

সম্পর্কিত সংবাদ