Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান, লোকসানের আশঙ্কায় আন্দোলনে মঙ্গলাহাটের ব্যবসায়ীরাও

আজ, সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হাওড়া সিটি পুলিস।

আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান, লোকসানের আশঙ্কায় আন্দোলনে মঙ্গলাহাটের ব্যবসায়ীরাও
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ, সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হাওড়া সিটি পুলিস। শহরের গুরুত্বপূর্ণ চার জায়গায় বসানো হয়েছে ধাতব ব্যারিকেড। শনিবার থেকেই নবান্নে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে দেওয়ার ব্যবস্থা করে পুলিস। বিভিন্ন জেলার পুলিস কমিশনারেট থেকে প্রচুর সংখ্যায় পুলিসকর্মী আনা হয়েছে। চারদিকে এই ‘যুদ্ধকালীন তৎপরতা’র আবহে চরম লোকসানের আশঙ্কা করছেন হাওড়ার মঙ্গলাহাটের কয়েক হাজার ব্যবসায়ী। কারণ, আজই হাট বসার দিন। কখনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি, কখনও আবার ‘অরাজনৈতিক’ জমায়েত— নানা কারণে তাঁদের ব্যবসা নিয়মিত মার খাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এর সমাধান চেয়ে আজ সকালেই হাওড়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন। সেক্ষেত্রেও পুলিসকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে বলে খবর।  

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, নবান্নের দিকে যাওয়ার মূল চারটি পথ বিশাল লোহার ব্যারিকেড দিয়ে ‘সিল’ করে দেওয়া হচ্ছে। জি টি রোডের বঙ্গবাসী মোড়, ফোরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড় এবং সাঁতরাগাছি মোড়ে বসানো হচ্ছে এই ব্যারিকেড। রীতিমতো রাস্তা খুঁড়ে লোহার খুঁটি বসিয়ে ঝালাই করে লোহার ব্যারিকেড জুড়ে দেওয়া হয়েছে। বড় রাস্তার পাশাপাশি নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকায় একাধিক জায়গায় বসানো হবে অপেক্ষাকৃত ছোট গার্ডরেল। মূল চারটি পয়েন্টে ২৫টি করে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ৫০০’র বেশি ক্যামেরার মাধ্যমে দিনভর নজরদারি চালাবে পুলিস। হাওড়া সিটি পুলিসের ফোর্স বাদেও বিভিন্ন কমিশনারেট থেকে দু’হাজার পুলিস আনা হচ্ছে। প্রতিটি পয়েন্টে থাকছে র‌্যাফ। দু’টি জল কামানও প্রস্তুত রাখা হয়েছে। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী সকাল ১০টার পর থেকে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। অভিযানকারীদের রুটম্যাপ যেহেতু নিশ্চিত নয়, তাই সব পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকবে পুলিস।’ 
এদিকে, বিভিন্ন ক্ষেত্রের আন্দোলনকারীরা নবান্ন অভিযান বা এই ধরনের কর্মসূচির জন্য বারবার সোম বা মঙ্গলবারকে বেছে নেওয়ায় তাঁদের ব্যবসা লাটে উঠছে বলে সোচ্চার হয়েছেন মঙ্গলহাটের ব্যবসায়ীরা। প্রশাসন কেন এই দিনেই নবান্ন অভিযানের অনুমতি দিচ্ছে, প্রশ্ন তুলেছেন তাঁরা। আজও যথারীতি সকাল ৮টার মধ্যে তাঁদের দোকানপাট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পোড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত বলেন, ‘চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের জন্য আমরাও সহমর্মী। কিন্তু বারবার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সোম ও মঙ্গলবারকেই বেছে নেওয়া হচ্ছে। সপ্তাহের এই দুই দিনেই তো হাট বসে। লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে।’ তাই বিষয়টি নিয়ে আজ সকালেই হাওড়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ