নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ময়দানের তিনটি বড় ক্লাবের প্রধান নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে’কে দক্ষ সংগঠক বলে সম্বোধন করেছিলেন। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। বিরোধী দলনেতা তিনটি ক্লাবের বিরুদ্ধে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছিলেন। এমনকী তাদের ব্যান করার দাবিও জানান। বৃহস্পতিবার তার প্রতিবাদ জানিয়ে নৈহাটির সমরেশ বসু মঞ্চে তিন প্রধানের চেয়ে কয়েক কদম এগিয়ে প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, বিকাশ পাজি, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, সুমিত মুখোপাধ্যায়রা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে তৃণমূল প্রার্থী সনৎ দে’র হয়ে ভোটদানের আবেদন জানালেন। সমরেশ চৌধুরী বললেন, ২০২৬ সালে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপ নির্বাচনে সনৎকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তাঁরা। সুমিত মুখোপাধ্যায় বলেন, সনৎ দে যেভাবে করোনার সময় মানুষের জন্য কাজ করেছেন। স্টেডিয়ামকে সুন্দর করে সাজিয়েছেন। তাতে রাজ্যের চারটি স্টেডিয়ামের মধ্যে জায়গা করে নিয়েছে নৈহাটি স্টেডিয়াম। এখানে সব ধরনের খেলা হয়। অত্যন্ত দক্ষ সংগঠক সনৎ দে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মানস ভট্টাচার্য। এদিন প্রাক্তন ফুটবলারদের নিয়ে স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক বিরোধী নেতাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে তিন ক্লাবকে ব্যান করে দেখাক। ক্লাবের প্রধান কর্মকর্তারা তৃণমূল প্রার্থীকে দক্ষ সংগঠক বলেছেন। এর মধ্যে অন্যায় কোথায়। তাই প্রাক্তন খেলোয়াড়রা নৈহাটিতে এসে প্রতিবাদ জানাচ্ছেন। এদিন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরাও সন্ধ্যায় নৈহাটিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন।



