Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুন

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: শাসকদলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলপি থানার দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাপুরে। মৃতের নাম নুরুদ্দিন হালদার। তিনি ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন। ভাই ইসমাইল হালদারের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়া হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয়। কয়েকটি বোমাও ছোঁড়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গুলি ও বোমার শব্দে এলাকাবাসীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় নুরুদ্দিন ও ইসমাইলকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নুরুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। ইসমাইলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ওই এলাকায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে। এই খুনের পিছনে কারা, পুলিস তা খতিয়ে দেখছে। ঘটনাটি নিয়ে সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, একজনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর আহত। এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে। - ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ