নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। ধৃতরা জাল নথি ব্যবহার করে ভারতীয় হয়েছিল। তাদের আশ্রয় দিয়ে জাল ভারতীয় নথির ব্যবস্থা করে দিয়েছিল তিনজন ‘এজেন্ট’। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাদের সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তারা জানিয়েছে, ধৃত তিন অনুপ্রবেশকারী মহঃ মতিউর রহমান, সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্ণা রায়। আর ধৃত তিন এজেন্টের নাম সায়েম হোসেন, মিন্টু দাস ও অমৃতলাল দাস। অনুপ্রবেশকারীদের কাছ থেকে দু’টি আধার কার্ড উদ্ধার করেছে পুলিস।
Advertisement
সূত্রের খবর, এক বছর আগে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আসে মহম্মদ মতিউর রহমান। তার বাড়ি বাংলাদেশের নাটোরে। দেশে এসে নাম বদলে সে হয়ে যায় মতিন সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এদেশে আশ্রয় দিয়েছিল হাবড়ার সায়েম ও মিন্টু। সায়েমের বাড়ি হাবড়ার পৃথিবাতে ও মিন্টুর মানিকতলায়। অনুপ্রবেশকারীদের শুধু আশ্রয় দেওয়া নয়, এক বছরের মধ্যে জাল নথি ব্যবহার করে মতিন সরকারের নামে আধার কার্ডও বানিয়ে দিয়েছিল তারা। ছ’মাস আগে বাংলাদেশের বরিশাল থেকে সন্ধ্যা রায় তার মেয়ে সুপর্ণাকে নিয়ে চোরাপথে চলে আসে ভারতে। অশোকনগরের মানিকতলার বাসিন্দা অমিত মণ্ডল তাদের আশ্রয় দিয়েছিল। হাবড়ার আনোয়ারবেড়িয়ার ঠিকানায় জাল নথি দিয়ে সন্ধ্যাদেবীর মেয়ে সুপর্ণার নামে একটি আধার কার্ড বানানো হয়। হাবড়া থানার পুলিস জানিয়েছে, ধৃতদের বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাদের জেরা করে এই সংক্রান্ত আরও তথ্য জানার চেষ্টা করা হবে।



