


নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার কলেজ ‘দখল’কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা ছড়াল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার শ্রীচৈতন্য কলেজে। হাবড়া থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ কোনও পক্ষই। ঐতিহ্যবাহী হাবড়া শ্রীচৈতন্য কলেজের পরিচিতি সর্বজনীন বিদিত। বাংলায় পরিবর্তনের পর থেকেই হাবড়া ১ নম্বর বিডিও অফিস সংলগ্ন এই কলেজের দখল তৃণমূল ছাত্র পরিষদের হাতে। কিন্তু দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে ছাত্র সংগঠন টিএমসিপিতে আড়াআড়ি ভাঙন ধরেছে। এদিন দুপুরে তা ফের প্রকাশ্যে এসেছে।
কলেজের গেটের সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বেশ কয়েকটি ব্যানার ছিল। সেই ব্যানারে প্রচারক হিসেবে নাম দেওয়া ছিল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অর্ঘ্য বসু ও বুবাইয়ের। এদিন দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের অন্য গোষ্ঠীর সদস্যরা কলেজের গেটের সামনে বেশ কয়েকটি নতুন ব্যানার টাঙিয়ে দেন। সেই সময় কলেজের ভিতরে জমায়েত হয়েছে অন্য গোষ্ঠী। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরে কলেজের মূল ফটক বন্ধ করে দেয় পুলিস। ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
কলেজে এখন তৃতীয় সেমিস্টার চলছে। পরীক্ষার সময় তৃণমূল ছাত্র পরিষদের গণ্ডগোলকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এদিন নতুন ফেস্টুন ও ব্যানার টাঙানোর ক্ষেত্রে নেতৃত্ব দেন আইএনটিটিইউসি নেতা তারক দে। তিনি কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে সেগুলি লাগান। তারক দে বলেন, কলেজের সামনের গেটে বিজেপির দালালদের নাম দিয়ে কিছু ব্যানার ছিল। এদিন আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজকে বিজেপিমুক্ত করলাম। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের হাবড়া শ্রীচৈতন্য কলেজের সভাপতি মুজাহিদুল মণ্ডল বলেন, কলেজে পরীক্ষা চলছিল। সেই সময় বহিরাগত কিছু দুষ্কৃতী কলেজ দখল করার চেষ্টা চালায়। আমরা তা রুখে দিয়েছি। এদিন যারা এসেছিল, তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়।
এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, এ রাজ্যে বিরোধীদের আটকায় পুলিস। এদিন দেখলাম তৃণমূলের দ্বন্দ্ব সামলাতে পুলিস ও র্যাফ নামাতে হল। কলেজের দখল নিয়েই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এর থেকে লজ্জার কিছু নেই। যখন কলেজে পরীক্ষা চলছে, তখন সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল। আসলে হাবড়ার দখল কার হাতে থাকবে, তা নিয়েই ওদের লড়াই জারি আছে। নিজস্ব চিত্র